বঙ্গভবনের চারপাশে ব্যাপক নিরাপত্তা
যুব সংগ্রাম পরিষদের ঘেরাও কর্মসুচী উপলক্ষ্যে শনিবার বঙ্গভবনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে সেখানে দুই হাজারেরও বেশি আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে আট হাজারেরও বেশি কর্মী-সমর্থক সমবেত হয়েছে।
গোয়েন্দা সংস্থার এডিসি, শফিকুল ইসলাম জানান, নাট্যমঞ্চ ও গুলিস্তানের ফোয়ারা এলাকায় কাঁটাতারের বেড়াসহ বাড়তি সতর্কতা হিসেবে বিভিন্ন পয়েন্টে প্রচুরসংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া দৈনিক বাংলা মোড়, মার্কেন্টাইল ব্যাংকের মোড়সহ বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই যানবাহন চলাচল বন্ধ করে দেওয়াসহ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিক্ষুব্ধ জনস্রোত ঠেকানোর জন্য দুইটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে বলে জানালেন শফিকুল ইসলাম।
এ ছাড়া বাড়তি সর্তকতা হিসেবে পুলিশ ছাড়াও র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশন পুনর্গঠনসহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ, আদালতের রায় অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত ও দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া ৩০০ উপজেলা নির্বাচন কর্মকর্তার বদলির দাবি নিয়ে যুব সংগ্রাম পরিষদের ঘেরাও কর্মসুচী আহ্বান করে।
