২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ভাংচুর, আগুন

আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রাজধানীর যাত্রাবাড়িতে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2006, 11:25 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এসময় ডেমরা থানা বিএনপির সভাপতি নবিউল্লা নবি গ্রুপের কর্মী-সমর্থকরা বিএনপি নেতা ও সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের একটি মঞ্চ ভাংচুর ও অগ্নিসংযোগ এবং একটি প্রাইভেট কার পুড়িয়ে দিয়েছে।

এর জের ধরে এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে রাখায় যানবাহন চলাচল বন্ধ থাকে কয়েক ঘন্টা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার থানা পর্যায়ে বিএনপির বিক্ষোভ-সমাবেশের অংশ হিসেবে দলীয় নেতা ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের কর্মীরা শহীদ ফারুক সড়কে একটি মঞ্চ তৈরি করে। কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নবিউল্লা নবি গ্রুপের কর্মী-সমর্থকরা মঞ্চটি ভেঙ্গে ফেলে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

সালাউদ্দিন আহমেদের কর্মীরা এর প্রতিবাদ করতে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং এক পর্যায়ে তারা সালাউদ্দিন আহমেদ গ্রুপের এক নেতার গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ জানায়, বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে এঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।