২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টাপাল্টি কর্মসূচিতে ফরিদপুর উত্তপ্ত

সাবেক খাদ্য ও দুর্যোগ মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের শনিবার ফরিদপুরে আগমনকে ঘিরে ১৪ দল ও চার দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2006, 10:30 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এই দিনে সাবেক মন্ত্রীকে ২০০ গাড়ির বহর নিয়ে শহরে আনার ঘোষণা দিয়েছে বিএনপি। অন্যদিকে ১৪ দল একই সময় বিজয় উৎসব পালনের পাশাপাশি কামাল ইউসুফের আগমন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। ফলে সংঘর্ষের আশঙ্কা করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত ফরিদপুর সদর আসনের সাবেক সাংসদ ও মন্ত্রী ক্ষমতা হস্তান্তরের পর এলাকায় আসেননি। ২৭ অক্টোবরের পর থেকে ফরিদপুরে ১৪ দলের বিভিন্ন সমাবেশ থেকে ফরিদপুরে কামাল ইউসুফকে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, সাবেক মন্ত্রীর পিতা চৌধুরী ইউসুফ আলী মোহন মিয়ার ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কামাল ইউসুফ ফরিদপুরে আসছেন। তারা জানান, দুশ’ গাড়ির বহর নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে নেতা-কর্মীরা অভ্যর্থনা জানাবে কামাল ইউসুফকে।

সংবর্ধনা জানাতে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

এদিকে ১৪ দলও শনিবার শহরের আলীপুর মোড়ে দিনব্যাপী বিজয় সমাবেশের আয়োজন করেছে। কাজেই শহরে ঢোকার মুখে কামাল ইউসুফকে ১৪ দলের নেতা-কর্মীদের বাধার মুখে পড়তে হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাবলু বলেন, “আমরা দিনব্যাপী বিজয় উৎসব পালন করব। এ কর্মসূচি পূর্ব নির্ধারিত, কেউ বাধা দিতে চাইলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।”

এদিকে জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার চাঁদ বলেন, “আমাদের নেতা আসবেন, আমরা তাকে বরণ করব। কেউ বাধা দিলে উপযুক্ত জবাব দেওয়া হবে।”