নির্বাচনে আসুন: ১৪ দলের প্রতি মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া শুক্রবার ১৪ দলের প্রতি নির্বচনে আসার আহবান জানিয়ে বলেছেন, “ক্ষমতায় যেতে চাইলে জনগণের কাছে যেতে হবে। ষড়যন্ত্র করে ভিন্ন পথে ক্ষমতায় যাওয়া যাবে না।”
রাজধানীর মুক্তাঙ্গনে শুক্রবার বিকেলে আয়োজিত সমাবেশে আব্দুল মান্নান ভূঁইয়া আগামী নির্বাচনে চার দলকে ভোট দিয়ে আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির সমুচিত জবাব দেওয়ারও আহ্বান জানান।
মান্নান ভূঁইয়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আজ (শুক্রবার) থেকেই নির্বাচনের প্রস্তুতি নিন।”
চার দল আয়োজিত সমাবেশে জামায়াতের মহাসচিব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেন, “একদিকে ১৪ দল বলছে তারা বিজয়ী হয়েছে, অন্যদিকে তারা আবার বঙ্গভবন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে।”
জামায়াতের মহাসচিব আরো বলেন, “তারা বিজয়ী হয়েছে না পরাজিত হয়েছে, তা তারা নিজেরাই বুঝতে পারছে না।”
মহানগর বিএনপি সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মীর্জা আব্বাস, বরকতুল্লাহ বুলু এবং আব্দুস সালাম, জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম ও রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের আব্দুল লতিফ নেজামী ও শেখ লোকমান হোসেন, জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন।
