এক দফা আন্দোলনের কৌশল নির্ধারণে আ. লীগ-এলডিপি বৈঠক
প্রধান উপদেষ্টার পদত্যাগের এক দফা দাবি আদায়ের আন্দোলনের কৌশল নির্ধারণের জন্য এলডিপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল নেতৃবৃন্দ বৃহস্পতিবার রাতে বৈঠক করেছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের গুলশানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রাত ৯ টা ৪০ মিনিটে শুরু হওয়া বৈঠকে এলডিপি নেতা আব্দুল মান্নান, মাহী বি চৌধুরী, রেদোয়ান আহম্মেদ এবং আনোয়ারুল কবীর তালুকদার উপস্থিত ছিলেন। আর ১৪ দলের নেতাদের মধ্যে আব্দুর রাজ্জাক, তোফায়েল আহম্মেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, শেখ ফজলুল করীম সেলিম, হাসানুল হক ইনু, ও আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এলডিপি মহাসচিব আব্দুল মান্নান তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, “ এম এ আজিজের বিদায়ের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার নাটকীয় সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে সরকারের আরো বলিষ্ঠ সিদ্ধান্ত নেয়া উচিত ছিলো।”
তিনি বলেন, “এ পরিস্থিতিতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন প্রধান উপদেষ্টার পদত্যাগের এক দফা দাবি আদায়ের আন্দোলন শুরু করা ছাড়া আমাদের সামনে আর কোন বিকল্প নেই। এ কারণে আগামী ২৭ তারিথ বঙ্গভবন ঘেরাও কর্মসূচি পালন করা হবে।”
আব্দুল জলিল বলেন, “এম এ আজিজের বিদায়ের পরও দেশে অস্থিরতা বিরাজ করছে। এছাড়া তিনি (আজিজ) বিদায় নিলেও গুনগত কোন পরিবর্তন হয়নি বা আমাদের কোন লক্ষ্য অর্জন হয়নি।”
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার উদ্দেশে জলিল বলেন, “প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করে তিনি সংবিধান লঙ্ঘন করে চলেছেন। উপদেষ্টাদের পাশ কাটিয়ে এককভাবে সিদ্ধান্ত নেয়ার মধ্য দিয়ে তিনি দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। এ কারণে এক দফার আন্দোলন শুরু করা ছাড়া আমাদের কোন উপায় নেই।”
এদিকে বৈঠক শুরুর আগে রাত সাড়ে নয়টায় জাকের পার্টির সভাপতি সিরাজুল কবীর, মহাসচিব আব্দুল লতীফ মুন্সী এবং অতিরিক্ত মহাসচিব আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আওয়মী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করেন।
