নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করলেন উপদেষ্টারা
উপদেষ্টা পরিষদের বৈঠকে বৃহস্পতিবার চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন কমিশন নিয়ে অলোচনা হয়েছে। সন্ধ্যায় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বঙ্গভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রাত সাড়ে আট টায় বৈঠক শেষে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, “এ বৈঠক ছিল এজেন্ডাবিহীন। আমরা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছি।”
নতুন নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রাষ্ট্রপতি শিগগিরই দু’জন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন। তবে কাকে কাকে নিয়োগ করবেন শাসনতন্ত্র অনুযায়ী তা রাষ্ট্রপতিরই এখতিয়ারে।”
চলমান সংকটের ব্যাপারে তিনি বলেন, “আমরা সব সময়ই বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছি। আমরা মনে করছি আস্তে আস্তে নির্বাচনের পরিবেশ ফিরে আসছে।”
বৃহস্পতিবার বেশ কয়েকজন উপদেষ্টার অফিস না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, “তারা যে কোনো কারণে অফিসে না আসতে পারেন। তবে এখানে মান অভিমানের কোনও বিষয় ছিল না। উপদেষ্টা পরিষদের বৈঠকে আমরা সবাই উপস্থিত ছিলাম।”
