২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাওয়া ভবনের যোগসাজশেই প্রশাসন চলছে’

সংস্থাপন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা দলীয় বিবেচনায় হাওয়া ভবন এবং বঙ্গভবনের সঙ্গে নিয়োগ ও বদলির ব্যাপারে যোগাযোগসহ প্রশাসনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রশাসনের বিভিন্ন ব্যাচের ওএসডি ও পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 03:23 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সুফিয়া রহমানের সঙ্গে সাক্ষাত করে তারা এ অভিযোগ করেন। প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য ধীরাজ কুমার নাথ এবং অধ্যাপক সুফিয়া রহমানের কাছে কর্মকর্তারা লিখিত আকারে পাঁচ দফা প্রস্তাবনাসহ তাদের অভিযোগগুলো পেশ করেন।

একটি নিরপেক্ষ প্রশাসন সাজানোর ব্যাপারে এসব কর্মকর্তা তত্ত্বাবধায়ক সরকারকে যথাযথ তথ্য দিচ্ছেন না বলেও অভিযোগ করেন প্রশাসনের বিভিন্ন ব্যাচের ওএসডি ও পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা।

কর্মকর্তাদের এসব সমস্যার প্রতি দৃষ্টি দেওয়ার আশ্বাস দিয়ে উপদেষ্টা বলেন, “এতোদিন রাজনৈতিক সমস্যার কারণে প্রশাসনে নজর দিতে পারিনি। এখন এ বিষয়গুলো দেখা হবে।” কর্মকর্তাদের যৌক্তিক আবেদনগুলো তার সরকার বিবেচনা করে দেখবে বলেও তাদের আশ্বস্ত করেন সুফিয়া রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মকর্তারা অভিযোগ পত্রের পাঁচ দফা প্রস্তাবনায় অবিলম্বে প্রশাসনের প্রতিটি স্তরে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে হবীঃ ইবষড়ি জঁষব অনুযায়ী জ্যেষ্ঠতা প্রদান করতে হবে বলে উল্লেখ করেন।

এতে আরো উল্লেখ করা হয়, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং উপসচিব স্তরের সর্বকনিষ্ঠ যে কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে, মেধাতালিকায় তার জ্যেষ্ঠ সকল কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

জ্যেষ্ঠতা অনুসারেও সকল ওএসডি কর্মকর্তাকে অবিলম্বে পদায়ন করতে হবে। স্পর্শকাতর মন্ত্রণালয়গুলোর (সংস্থাপন, স্বরাষ্ট্র, নির্বাচন কমিশন সচিবালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, স্থানীয় সরকার বিভাগ এবং তথ্য) সকল স্তরে কর্মকর্তাদের বদলি করে যোগ্য, দল নিরপেক্ষ, দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের পদায়ন করতে হবে। সচিব পর্যায়ে এমন কাউকে পাওয়া না গেলে জ্যেষ্ঠ অতিরিক্ত সচিবদের স্পর্শকাতর মন্ত্রণালয়গুলোর ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিতে হবে।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য লোক দেখানো রদবদল না করে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে মাঠ প্রশাসনের প্রতিটি স্তরে জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদায়ন করতে হবে। জ্যেষ্ঠ যুগ্ম সচিবদের বিভাগীয় কমিশনার, জ্যেষ্ঠ উপসচিবদের জেলা প্রশাসক, জ্যেষ্ঠ সিনিয়র সহকারী সচিবদের অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিতে হবে। গত একবছরে রাজনৈতিক বিবেচনায় উপজেলা নির্বাহী অফিসার পদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের বদলি করার দাবি জানান।

তারা অভিযোগ করেন, গত কয়েক দিনে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী পদে লোক দেখানো রদবদল করা হয়েছে। এগুলো যথাযথভাবে রিভিউ করার পর তা বাতিল করতে হবে। জ্যেষ্ঠতা অনুসারে সকল ওএসডি কর্মকর্তাদের পদায়ন না করা পর্যন্ত মাঠ পর্যায় থেকে সচিবালয়ে তুলে আনা কর্মকর্তাদের কাউকে পদায়ন করা যাবে না।

ওএসডি এবং বঞ্চিত কর্মকর্তাদের প্রস্তাবনা সম্পর্কে সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢালাওভাবে অভিযোগ করলে চলবে না। কোন কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনতে হবে। সেক্ষেত্রে এ ধরনের প্রস্তাবনা বিবেচনা করে দেখা হবে।