২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিইসিকে সরালেই কমিশন সংস্কার হয় না’

শুধু প্রধান নির্বাচন কমিশনারকে সরালেই নির্বাচন কমিশন সংস্কার হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আজিজুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 04:24 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বৃহস্পতিবার উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “আরও দুজন নির্বাচন কমিশনারকে নিয়োগ দিতে হবে। নিয়োগের চিন্তা-ভাবনাও চলছে। ইচ্ছা করলে রাষ্ট্রপতি উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে তাদের নিয়োগ দিতে পারেন অথবা তিনি নিজে এককভাবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন।”

সিইসির ছুটিতে যাওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তারা এখন পর্যন্ত জানেন না তিনি কবে থেকে ছুটিতে যাচ্ছেন বা গেছেন। সিইসি নিজের ক্ষমতা বলে যে কোন সময় ছুটি বাতিল করে নিজ পদে ফিরে আসতে পারেন, নির্বাচনের আগে এ ধরনের ঘটনা ঘটলে সরকার কি পদক্ষেপ নেবে এ প্রশ্নের কোন জবাব দেননি উপদেষ্টা।

আজিজ বলেন, “বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি রাষ্ট্রপতির একটি ভাষণের মাধ্যমে নয়, পর্যায়ক্রমে সমাধান হবে।”

সাধারণ মানুষের কথা ভেবে রাজনৈতিক দলগুলো অবরোধ প্রত্যাহার করে নেবে আশা প্রকাশ করে উপদেষ্টা আজিজ বলেন, “এটা তাদের সিদ্ধান্ত। আমরা এ ব্যাপারে তাদের চাপ দিতে পারি না।” তবে তিনি বলেন, “রাষ্ট্রপতির ভাষণেই এ প্রশ্নে উপদেষ্টাদের মতামত প্রতিফলিত হয়েছে।”

অন্য এক প্রশ্নের জবাবে আজিজ বলেন, “একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হলে এর পক্ষে-বিপক্ষে মত থাকেই। অধিকাংশ সময় আলোচনা করে সংশ্লিষ্ট বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়। রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এককভাবে তার মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন এটা ভাবার কোন সুযোগ নেই।