অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানালেন নিজামী
অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী বৃহস্পতিবার বলেছেন, ভোটার তলিকায় এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটারের কথা বলে অহেতুক ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে।
আওয়ামী লীগসহ ১৪ দলের তীব্র সমালোচনা করে নিজামী পত্র-পত্রিকার বরাত দিয়ে বলেন, “তিন দফায় ১০ দিন অবরোধের কারণে দেশে এ পর্যন্ত প্রায় ১৭ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তারা প্রধান নির্বাচন কমিশনারকে আন্দোলনের মুখে যেভাবে ছুটি নিতে বাধ্য করেছে তা গণতান্ত্রিক রাজনীতিতে একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। গায়ের জোরে সংবিধান ব্যাখ্যা করে বিভ্রান্তি সৃষ্টি করে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়।”
নিজামী আরও বলেন, ‘একদিকে বিজয় উদ্যাপন করছে ও আরেকদিকে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ হয়নি বলে যারা আন্দোলন অব্যাহত রাখে তারা নির্বাচনে অংশ নিতে ভয় পায়।”
জামায়াতের কেন্দ্রীয় কার্যাালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে নিজামী বলেন, জামায়াতে ইসলামী সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিকভাবে চিহ্নিত করে পাইকারি বদলি ও নিয়োগ বাতিলের নীতিতে বিশ্বাসী নয়। অথচ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন বিশেষজ্ঞ ব্যক্তিদের চুক্তিও বাতিল করা হয়েছে। তিনি আশা করেন, প্রত্যেকের সুবিধা অনুযায়ী নির্বাচনের জন্য প্রশাসনে যতটুকু রদবদলের প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার ঠিক তাই করবেন।
আওয়ামী লীগের সাম্প্রতিক কার্যকলাপের বিবরণ দিয়ে নিজামী বলেন, ক্ষমতায় যাওয়ার আগে তারা যে ধংসযজ্ঞ চালালো ক্ষমতায় গেলে তাদের হাতে জনগণের জানমাল নিরাপদ থাকবে না। তিনি নতুন ভারপ্রাপ্ত সিইসি বিচারপতি মাহফুজুর রহমানকে নির্বাচনের জন্যে প্রস্তুতির আবেদন জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী এ ব্যাপারে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে।
দেশে শান্তি বজায় রেখে অবাধ নির্বাচন করার লক্ষ্যে রাষ্ট্রপতির অনুরোধে বিচারপতি এম এ আজিজকে সংবিধানের আওতায় তিন মাসের ছুটি নেওয়ার জন্যে তিনি ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী, মহাসচিব আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সহ সচিব আব্দুল কাদের মোল্লা, মো. কামরুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।
