২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনপুরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২৫

ভোলার মনপুরা উপজেলার হাজীরহাটে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 10:20 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এ ঘটনার জের ধরে আওয়ামী লীগ কর্মীরা মনপুরা উপজেলা বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, সন্ধ্যায় ৭টার দিকে ওই সংঘর্ষ শুরু হয়। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল।

বিএনপির সাধারণ সম্পাদক আ. মান্নান হাওলাদারের শ্যালক আমজাদ হোসেন অভিযোগ করেন, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন আহম্মেদ বাচ্চু চৌধুরীর ভাই আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের নেতা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আহম্মেদ দীপক চৌধুরীর নেতৃত্বে ৪০-৫০ জন নেতাকর্মী থানা বিএনপির কার্যালয়ে হামলা চালায়।

আমজাদ হোসেন আরও বলেন, এক পর্যায়ে হামলাকারীরা মান্নান হাওলাদারের ব্যক্তিগত অফিসে হামলা চালিয়ে একটি ক্যালার টেলিভিশন, মোটরসাইকেল, মোবাইল সেটসহ আসবাবপত্র লুট করে।

এ খবর পেয়ে থানা বিএনপির নেতাকর্মীরাও লাঠিসোঠা নিয়ে তাদের ওপর হামলা করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। আহতদের নিজ নিজ দলের নেতাকর্মীরা উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শশাংক শেখর ভৌমিক জানান, দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে তিনি ঘটনাস্থলে গেলে তার গাড়িচালকের ওপরও হামলা হয়। এ ছাড়া আসলাম ও ইকবাল নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে এবং টিয়ার সেল নিক্ষেপ করে।