২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে খাদ্য কর্মসূচী অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া বাংলাদেশ সরকারকে দেওয়া খাদ্য কর্মসূচী অব্যাহত রাখবে। এর আওতায় এ পর্যন্ত ৩৬ হাজার ২২৭ মেট্রিক টন গম সরবরাহের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর মধ্যে ২০০১-০৫ সাল পর্যন্ত ৩৪ হাজার ৫০০ মেট্রিক টন খাদ্য সরবরাহ এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 03:06 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

অস্ট্রেলিয় রাষ্ট্রদূত ডগলাস ফসকেট বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার উপদেষ্টা আজিজুল হকের সঙ্গে বৈঠক করে এ প্রতিশ্রুতি দেন।

দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে প্রায় আধা ঘণ্টা স্থায়ী ওই বৈঠক শেষে উপদেষ্টা জানান, এসব খাদ্য সাহায্য গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির অংশ হিসেবে এবং পার্বত্য অঞ্চলসহ সারাদেশে দুস্থদের মধ্যে বিতরণ করা হবে।

অস্ট্রেলিয় সরকার বাংলাদেশের পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহসহ বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা দেবে বলে উপদেষ্টা জানান।

বৈঠক শেষে ফসকেট সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে সেটাই আমরা চাই।”

অপর এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, “আমরা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চাই না। তাই আমরা এ বিষয়ে কোনো পরামর্শ দেব না।”