খালেদা ও তাঁর ২ ছেলের বিরুদ্ধে সচিবালয়ে লিফলেট
সদ্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাঁর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে তিন লাখ ৫৩ হাজার ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে বৃহস্পতিবার সচিবালয়ে লিফলেট ছড়ানো হয়েছে।
সচিবালয়ের ৬ নম্বর ভবনের ওপর থেকে ফটোকপি করে ছড়ানো ওই লিফলেটে তিনজনের বিরুদ্ধে ২৫টি খাতে উল্লেখিত অর্থ লুটপাটের হিসাবও দেওয়া হয়েছে। এর প্রচারক হিসেবে ‘সচেতন তরুণ প্রজন্ম’ নামে একটি সংগঠনের নাম ব্যবহার করা হয়েছে।
জোট সরকারের বিদায়ের আগে সচিবালয়ের বিভিন্ন স্থানে সুবিধাভোগী বলে অভিযুক্ত করে ব্যক্তি ও কর্মকর্তাদের তালিকা লিফলেট আকারে ছড়ানো হয়েছিল।
বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে আকস্মিকভাবে এ লিফলেট ছড়ানোর পর থেকে সচিবালয়ের ভেতরে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী, র্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও কর্মীরা তৎপর হয়ে উঠেন। তবে লিফলেট ছড়ানোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করা যায়নি বলে জানা গেছে।
