শান্তিভঙ্গের জন্য আওয়ামী লীগই দায়ী: খালেদা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার বলেছেন, তাদের রাজনৈতিক প্রতিপক্ষরা মানুষ খুন এবং দেশের সম্পদ ধ্বংস করছে। শান্তিভঙ্গের জন্য তারাই দায়ী।
আওয়ামী লীগ এবং ১৪ দলীয় জোটের কথা উল্লেখ করে কৃষিবিদদের এক সভায় তিনি বলেন, “ক্ষমতায় থাকাকালে তারা নৃশংসতা চালিয়েছিল। এখন ক্ষমতায় না থেকেও তাই করছে।”
খালেদা বলেন, “তারা নিরীহ মানুষের ওপর ভয়ঙ্কর নির্যাতন চালাচ্ছে।”
বিএনপি নেত্রী আরও বলেন, “ভোট দিয়ে তাদের নির্বাচিত করলে ক্ষমতায় গিয়ে তারা কী করবে তা সহজেই কল্পনা করা যায়। তারা ক্ষমতায় এলে কেউ নিরাপদ থাকবে না।”
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কৃষিবিদ সমিতি আয়োজিত সভায় খালেদা জিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট নির্বাচন বানচাল করতে চায়।
খালেদা বলেন, জনগণ তাদের নির্বাচনে রায় দেবে না এটা তারা বুঝতে পেরেছে। দ্রুত নির্বাচন তফসিল ঘোষণার জন্য তিনি পুনরায় দাবি জানান।
প্রধান অতিথি হিসেবে ১২ মিনিটের বক্তব্যে খালেদা জিয়া বলেন, তার সরকার কৃষকদের আগ্রহকে সমর্থন জানিয়েছে।
সদ্য সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে কৃষকরা পাটের ন্যায্য মূল্য পায়নি। আওয়ামী লীগ পাটচাষীদের প্রতি মণ পাটের দাম ৫০০ টাকাও দিতে পারেনি। কিন্তু আমরা পাটের দাম মণপ্রতি এক হাজার টাকা করেছি।”
এ ছাড়া কৃষিখাতের উন্নয়নের জন্য তার সরকার পাঁচ হাজার টাকা ঋণের সুদ মওকুফ করেছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এমকে আনোয়ার, মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষিবিদ সমিতির সাবেক সভাপতি অধ্যাপক নূরুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম আলী ফকির এবং কৃষিবিদ সমিতির বর্তমান সভাপতি গোলাম হাফিজ।
