আ. লীগ-বিএনপি সংঘর্ষে গাজীপুর উত্তপ্ত
গাজীপুরে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে বুধবার বিকেলে দুই দলের সংঘর্ষে আহত হয়েছে ছয়জন। এরপর বিপুল সংখ্যক বিডিআর, র্যাব ও পুলিশ এলাকায় মোতায়েন করা হয়। আবারও সংঘর্ষের আশঙ্কায় সন্ধ্যায় শহরের সব ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
এর আগে বুধবার সকালে ১৪ দলের কর্মীরা অবরোধের সমর্থনে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে একটি হলারে আগুন ধরিয়ে দেয়। সকালে শ্রীপুরের সাতখামাইর রেল স্টেশনে ঢাকাগামী ব্রহ্মপুত্র ট্রেন আটকে দেওয়ায় ওই রুটে সারাদিন ট্রেন চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর শহরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষের জের ধরে বুধবার দিনভর ছিল দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা। বিকাল সাড়ে ৫টার দিকে গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও বিএনপির মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়।
এ সময় লাঠি ও ইটের আঘাতে পৌর কমিশনার হাসান আজমল ভূঁইয়া (৩৮), আ. মান্নান (৪০), মনির (২২) সাজ্জাদ (২২) কামরুল (২০) মুন্না (২৫) আহত হন। এ ঘটনার পর শহরে বিপুলসংখ্যক বিডিআর, দাঙ্গা পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।
সন্ধ্যায় বিডিআর ও পুলিশ প্রহরায় উভয় দল রাজবাড়ি সড়কে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। রাতে এ সংবাদ লেখার সময় দুটি দলের হাজারো কর্মী-সমর্থক লাঠিসোটা নিয়ে সমাবেশ করছিল। গোলযোগের আশঙ্কায় শহরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে লোকজন নিরাপদে আশ্রয় নিয়েছে।
