নির্বাচন পর্যবেক্ষণে ইইউর বরাদ্দ ৩ মিলিয়ন ইউরো
বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩ মিলিয়ন ইউরো (২৭ কোটি ২৫ লাখ টাকা) খরচ করবে ইউরোপীয় পার্লামেন্ট।
ঢাকায় অবস্থানরত ইউরোপীয় কমিশনের প্রতিনিধি দলের একজন মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশে পর্যবেক্ষক মিশনের খরচ বাবদ মঙ্গলবার এ বরাদ্দ অনুমোদন করে।
তিনি বলেন, কবে থেকে পর্যবেক্ষক মোতায়েন করা হবে তা এখনও ঠিক হয়নি, তবে প্রস্তুতি চলছে।
ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সদরদপ্তর বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রধান পর্যবেক্ষক, উপপ্রধান পর্যবেক্ষক এবং নির্বাচন, আইন, রাজনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পর্যবেক্ষক দল বাছাই করেছে বলে সূত্র জানিয়েছে।
