২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে জাতীয় ঐক্যফ্রন্টের মিছিল-সমাবেশ

১৪ দলের সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে বুধবার তৃতীয় দিনের মতো রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় ঐক্য ফ্রন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2006, 06:25 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

দুপুর ১২ টার দিকে মৌচাক, মগবাজার এবং বাংলামোটর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে টিএন্ডটি অফিসের সামনে অনুষ্ঠিত সমাবেশে ঐক্যফ্যন্টের অন্তর্ভুক্ত এলডিপি, জাতীয় ঐক্যমঞ্চ এবং তরিকত ফেডারেশনের নেতারা বলেন, শুধু সিইসি বিদায় নিলেই হবে না, জাতীয় ঐক্য ফ্রন্টের ৮ দফা এবং ১৪ দলের ১১ দফা না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

সমাবেশে নেতারা মঙ্গলবার বিকালে পটিয়ায় এলডিপির জনসভায় যাওয়ার পথে কর্নেল (অব.) অলি আহমেদের গাড়িবহর এবং মিছিলে হামলার জন্য বিএনপি সন্ত্রাসীদের দায়ী করে তাদের গ্রেফতার ও বিচার দাবি করেন। ভবিষ্যতে এ ধরনের হামলা হলে বিএনপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে তারা হুশিয়ারি দেন।

সমাবেশ চলাকালে সিইসি এম এ আজিজের কুশপুত্তলিকা দাহ করা হয়।

মিছিল ও সমাবেশে এলডিপির কেন্দ্রীয় নেতা মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল কবীর তালুকদার, আলমগীর করীর, জাতীয় ঐক্যমঞ্চের নেতা সাবেক হুইপ আবদুর রউফ, লিবারেল ডক্টরস এসোসিয়শনের আহ্বায়ক ডা. রফিক চৌধুরী, গণতান্ত্রিক যুবধারার সদস্যসচিব শেখ শহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।