জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনে পদোন্নতি দেবে সরকার
নির্বাচন সংক্রান্ত সব পদে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়নের সিদ্ধান্ত নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার।
বুধবার প্রশাসনের বিভিন্ন ব্যাচের দীর্ঘদিন ধরে ওএসডি অবস্থায় থাকা ও পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সময় উপদেষ্টা ধীরাজ কুমার নাথ একথা জানান।
কর্মকর্তারা অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কেন্দ্র এবং মাঠ প্রশাসনের বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কনিষ্ঠ কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মাঠ প্রশাসন থেকে প্রত্যাহার করে তাদের মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, সংস্থাপন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে মন্তব্য করে তারা কনিষ্ঠদের নতুন পদ থেকে প্রত্যাহারেরও দাবি জানান।
এদের প্রত্যাহার করা না হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না বলেও আশংকা প্রকাশ করেন ওএসডি ও বঞ্চিত কর্মকর্তারা।
তারা নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ওএসডি অবস্থায় থাকা জ্যেষ্ঠ যুগ্ম সচিবদের মধ্য থেকে বিভাগীয় কমিশনার, উপসচিবদের মধ্য থেকে জেলা প্রশাসক এবং সিনিয়র সহকারী সচিবদের মধ্য থেকে অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ দিতে উপদেষ্টার কাছে দাবি জানান।
তারা অভিযোগ করেন, জোট সরকার গত পাঁচ বছরে পদোন্নতি এবং নিয়োগের ক্ষেত্রে নিজেদের তৈরি নীতিমালা অনুসরণ করেছে। পছন্দের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার জন্য এই নীতিমালা করা হয়। এতে বঞ্চিত হয়েছে শতশত যোগ্য জ্যেষ্ঠ কর্মকর্তা।
ওএসডি ও বঞ্চিত কর্মকর্তাদের আশ্বস্ত করে ধীরাজ কুমার নাথ বলেন, ‘এখন থেকে সব পদে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এছাড়া দ্রুত পদোন্নতির ব্যবস্থা করা হবে’।
উপদেষ্টা পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “কর্মকর্তাদের অভিযোগের কিছু অংশ সত্যি হতে পারে। আমরাও আমলাতন্ত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। সরকারের নিরপেক্ষতা দৃশ্যমান করতে এজন্য ইতোমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি।”
ধীরাজ কুমার নাথের সঙ্গে দেখা করার আগে কর্মকর্তাদের এই দলটি সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীর সাথেও বৈঠক করেন। সেখানে তারা উপসচিব থেকে সচিব পর্যায়ের বিভিন্ন পদে প্যাকেজ আকারে দ্রুত পদোন্নতি দেওয়ার অনুরোধ জানান।
