নির্বাচন কমিশনে নিরপেক্ষ নিয়োগে রাষ্ট্রপতির আশ্বাস
শুধুমাত্র ‘নিরপেক্ষ’ ও ‘যোগ্য’ ব্যক্তিকেই নতুন নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হবে বলে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তাঁর উপদেষ্টাদের আশ্বস্ত করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়ে চলমান রাজনৈতিক সংকটের ব্যাপারে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় অর্থ উপদেষ্টা আকবর আলি খান এ কথা বলেন।
আকবর আলি বলেন, “বর্তমান নির্বাচন কমিশনাররা পদত্যাগ বা ছুটির জন্য আবেদন জানালে নতুন কমিশনার নিয়োগ করা হতে পারে।”
অর্থ মন্ত্রণালয়ের কার্যালয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “মাননীয় রাষ্ট্রপতি নিরপেক্ষ ও যোগ্য কমিশনারদের নিয়োগ দেবেন বলে আমার বিশ্বাস।”
চলমান রাজনৈতিক সংকট নিরসনের ব্যাপারেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা বলেন, “আমাদের ৪৮ ঘন্টার সময়সীমা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যা বুধবার রাত নয়টায় শেষ হবে।”
আকবর আলি বলেন, “উপদেষ্টারা বুধবার উপদেষ্টা কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।”
অবিলম্বে নির্বাচনী তফসীল ঘোষণা করা সংক্রান্ত বিএনপির দাবি প্রসঙ্গে আকবর বলেন, “এটা নির্বাচন কমিশনের আওতাভুক্ত, উপদেষ্টাদের নয়।”
নির্বাচন অনুষ্ঠানের জন্য ৯০ দিনের সময়সীমা বাড়ানোর কোন সুযোগ নেই বলেও তিনি জানান।
