সাংবাদিকদের জন্য খুলে গেলো নির্বাচন কমিশনের দরজা
আন্দোলনের মুখে অবশেষে তিনদিন পর বুধবার সাংবাদিকদের জন্য খুলে দেওয়া হলো নির্বাচন কমিশন সচিবালয়।
নিরাপত্তার নামে হঠাৎ করেই রোববার কমিশনে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হয়। নজিরবিহীন এ ঘটনার প্রতিবাদে সোমবার প্রায় অর্ধশত সাংবাদিক সমাবেশ করেন।
বুধবার সকালে কালো ব্যাজ পরে সাংবাদিকরা কমিশন সচিবালয়ের রাস্তায় সমবেত হন।
প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আশীষ সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সংহতি জানান ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আলতাফ মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের আরেক অংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী।
বক্তব্য রাখেন এটিএন বাংলার শেখ নজরুল ইসলাম, চ্যানেল ওয়ান আই এর রাশেদ আহমেদ, যুগান্তরের হোসাইন জাকির প্রমুখ।
দুপুরে কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মাদ জকরিয়া ও উপ সচিব আবুল কাশেম সাংবাদিক নেতাদের নিয়ে সচিব আব্দুর রশীদ সরকারের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। সমঝোতার পর কমিশনের সব দরজা সাংবাদিকদের জন্য উন্মুক্ত বলে ঘোষণা দেওয়া হয়।
