রাঙ্গুনিয়ায় এলডিপির গাড়ি বহরে হামলা
জেলার রাঙ্গুনিয়া থেকে বুধবার বিকেলে নগরীর মুসলিম হলে এলডিপির এক সমাবেশে যোগ দিতে আসার পথে সমর্থকদের গাড়িবহরে হামলায় অন্তত ১৫ ব্যক্তি আহত হয়।
সাকা চৌধুরীর কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে এলডিপির লোকজন অভিযোগ করেছেন। আহতদের মধ্যে ইলিয়াস মেম্বার ও আবদুল মোনাফকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মুসলিম হলে অনুষ্ঠিত এলডিপির এক সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদানকারী রাঙ্গুনিয়ার সাবেক সাংসদ নুরুল আলম ও প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে এই অভিযোগ করেন। সমাবেশে বিএনপি ও অন্যান্য দলের শতাধিক নেতাকর্মীও এলডিপিতে যোগ দেন।
এতে প্রধান অতিথি ছিলেন এলডিপির নির্বাহী সভাপতি কর্নেল (অব) অলি আহমদ। বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মেজর(অব) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী রেদোয়ান আহমদ ও সাবেক সাংসদ এম এ জিন্নাহ। সভাপতিত্ব করেন মহানগর এল ডিপির আহ্বায়ক একরামুল করিম।
