অনতিবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করুন: মান্নান ভূঁইয়া
নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত বিএনপির নেতৃত্বে চার দল সারা দেশে সমাবেশ-অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবে।
বুধবার দুপুরে মুক্তাঙ্গনে নগর চার দল আয়োজিত এক সমাবেশে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া এ ঘোষণা দেন।
সমাবেশ থেকে বৃহস্পতিবার ঢাকায় শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ারও আহ্বান জানানো হয়।
মান্নান ভূঁইয়া বলেন, “কে প্রধান নির্বাচন কমিশনার, আমরা তা জানি না। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন চাই। অনতিবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করুন।”
তিনি ১৪ দলের অবরোধ কর্মসূচির সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগ আবার ক্ষমতায় গেলে দেশ মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যাবে।”
তিনি একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারকে কারও হুমকিতে ভয় না পেয়ে শক্ত হাতে দেশে পরিচালনার আহ্বান জানান।
মান্নান ভূঁইয়া অভিযোগ করেন, আওয়ামী লীগ নির্বাচন চায় না বলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, “তাদের অবরোধ শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের বিরুদ্ধে।”
নগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলওয়ার হোসেন সাঈদী, এ টি এম আজহারুল ইসলাম, রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব এ বি এম গোলাম মোস্তফা, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, অধ্যাপক আহমেদ আবদুল কাদের, বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান, এস এ খালেক, নাসির উদ্দিন আহমেদ পিন্টু, আবদুস সালাম প্রমূখ বক্তব্য রাখেন।
এদিকে মুক্তাঙ্গন ও বঙ্গবন্ধু এভিনিউতে চার ও ১৪ দলের দুটি সমাবেশ থাকায় এ এলাকায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ছিল উত্তেজনা।
কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে পুলিশ-বিডিআর জিরো পয়েন্ট সীমারেখায় কাঁটাতার বসিয়ে সেখানে অবস্থান নেয়। তবে শান্তিপূর্ণভাবেই সমাবেশ শেষ হয়।
মুক্তাঙ্গনে চার দল দক্ষিণমুখী মঞ্চ নির্মাণ করে এবং ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মী বাহিনী এর চারপাশে অবস্থান নেয়। কর্মীদের কারও কারও হাতে ছিল বাঁশের লাঠি এবং নির্বাচনী প্রতীক ধানের শীষ ও দাঁড়িপাল্লা। মিরপুর, পল্লবী, কাফরুল, গুলশান, উত্তরা, লালবাগ, রমনা, খিলগাঁও, সবুজবাগ, মতিঝিল, সূত্রাপুর, কোতয়ালি, শ্যামপুরসহ ২১টি থানা থেকে বিএনপির সাবেক সাংসদরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসে। এছাড়া, জামায়াত ও ছাত্র শিবির কর্মীরাও কয়েকটি বিশাল মিছিল নিয়ে সমাবেশে আসে।
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর চার দল মুক্তাঙ্গনে সমাবেশ করে। পরে সেখানে ছাত্রদল-ছাত্র শিবিরের নেতৃত্বে ‘ছাত্র ঐক্য মঞ্চ’ নির্মাণ করে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করলেও মধ্যরাতে সেই কর্মসূচি পুলিশ প্রশাসনের অনুরোধে তুলে নেয়। এরপর গত কয়েকদিন থেকে মুক্তাঙ্গন ছিল ১৪ দলের নিয়ন্ত্রণে।
