২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে জাপার সমাবেশে হামলায় আহত ২০

বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট কর্মীরা বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বিজয়নগর রোডে হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সমাবেশে হামলা চালিয়ে তা পন্ড করে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2006, 06:04 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

হামলায় কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হয় এবং হামলাকারীরা সমাবেশের মাইকসহ অন্যান্য জিনিসপত্র লুটপাট করে।

জাতীয় পার্টির মহাসচিব কাজী জাফর আহমেদ এ ঘটনার জন্য সরাসরি জামাত-বিএনপির ক্যাডারদের দায়ী করেছেন এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পার্টি প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের অপসারণ ও অবরোধের সমর্থনে তাদের সেগুনবাগিচা কার্যালয়ের সামনে বিজয় নগর রোডের পাশে মঞ্চ তৈরি করে সমাবেশ করে। দুপুর দেড়টার দিকে আমানউল্লাহ আমান, নাজিমুদ্দিন আলম, ফজলুল হক মিলন ও আজিজুল বারি হেলালের নেতৃত্বে চার দলীয় জোটের একটি মিছিল নূর হোসেন স্কয়ারে যাওয়ার পথে জাতীয় পার্টির মঞ্চে হামলা চালায়।

হামলাকারীরা জাতীয় পার্টির মঞ্চ তছনছ করে ফেলে, মাইক খুলে নেয় এবং জাতীয় পার্টির নেতা-কর্মীদের বেধড়ক পেটায়। আকস্মিক এই হামলায় জাতীয় পার্টির নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করে। এ ঘটনায় প্রায় ২০ জন নেতা-কর্মী আহত হয়। আহতদের মধ্যে ১৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাস্থলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ থাকলেও তারা হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করেনি বলে জাতীয় পার্টির নেতা-কর্মীরা অভিযোগ করেন।

হামলার পর পার্টির মহাসচিব কাজী জাফর আহমেদ এ ঘটনার জন্য সরাসরি জামাত-বিএনপি কর্মীদের পাশাপাশি পুলিশকে দায়ী করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।

জাফর আহমেদ বলেন, “জোট ক্যাডাররা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।”