২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসির সঙ্গে দুই রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত জাপান ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত মঙ্গলবার সকালে সিইসির সাথে তার কার্যালয়ে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 02:08 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

জাপানি রাষ্ট্রদূত মাসাইয়োকি ইনোয়ে সকাল ১০টা ১০ মিনিটে নির্বাচন কমিশন কার্যালয়ে আসেন।

সিইসির সাথে ৪৫ মিনিট বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, “আমি বর্তমান পরিস্থিতি নিয়ে সিইসির সাথে মতবিনিময় করেছি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে তার কাছে জানতে চেয়েছি।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনি অবগত কিনা এবং এ বিষয়ে আপনি উদ্বিগ্ন কিনা সে প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, “এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি নই। এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়।”

জাপানি রাষ্ট্রদূত চলে যাওয়ার পর সকাল ১১টা ২০ মিনিটে নির্বাচন কমিশনে আসেন অস্ট্রেলীয় রাষ্ট্রদূত ডগলাস ফসকেট। সিইসির সাথে ঘণ্টাখানেক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, “আমি নির্বাচন পদ্ধতি নিয়ে সিইসির সাথে আলোচনা করেছি। নির্বাচন কমিশন কিভাবে বিদেশি পর্যবেক্ষকের সহযোগিতা করবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে সেটাও জানতে চেয়েছি। তারা জানিয়েছেন, পর্যবেক্ষকদের অবাধ তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নির্বাচন কমিশনের পূর্ণ প্রস্ততি রয়েছে।”

সিইসির সাথে বৈঠকের আগে তিনি নির্বাচন কমিশনার স ম জাকারিয়ার সাথে ১০ মিনিট বৈঠক করেন। এক সপ্তাহের মধ্যে জাকারিয়ার সাথে এটা ছিল তার তৃতীয় দফা বৈঠক।