২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ১৪ ও ৪দলের সংঘর্ষে ৪০ আহত

১৪ দলের অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিনে জেলার সাত মাথার মোড়ে মঙ্গলবার বেলা ১১ টায় ১৪ দল এবং চারদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ৪০জন আহত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 01:14 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

আওয়ামী লীগ কর্মীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন আঞ্চলিক মুক্তবার্তার সাংবাদিক আরিফ বিল্লাহ। এ ছাড়াও আহত হয়েছে যুবদলের সরকার মুকুল, জাহিদ ও জামায়াত ইসলামীর সাখাওয়াত হোসেন, জুলফিকার।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে জিরো পয়েন্টে ১৪ দল অবস্থান নিয়ে সমাবেশ করছিল। বেলা ১১টার দিকে চারদলের একটি মিছিল সাতমাথায় আসার পর উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় তারা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট ছোঁড়ে।

এ সময় পুলিশের লাঠিচার্জে আহত হয় চ্যানেল আইয়ের ফটোগ্রাফার দেলোয়ার হোসেন এবং স্থানীয় আঞ্চলিক পত্রিকার সাংবাদিক আবদুল বাছেত তনু।

চারদলীয় জোট সমর্থকরা সাতমাথার মেরিনা মার্কেটে এবং দুটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। দুপুর একটায় এ রিপোর্ট লেখা পর্যন্তসাতমাথায় চারদল সমাবেশ করছে। ১৪ দলের কর্মী-সমর্থকরা শহরে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। এ ঘটনায় শহরময় উত্তেজনা বিরাজ করছে।