আজিজ-জাকারিয়া না যাওয়া পর্যন্ত অবরোধ চলবে: জলিল
নির্বাচন কমিশন ঢেলে সাজানো এবং সিইসি এম এ আজিজ এবং নির্বাচন কমিশনার স ম জাকারিয়াকে না সরানো পর্যন্ত দেশব্যপী অবরোধ কর্মসূচি চলবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
দলের ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও ঘোষণা করেন, মঙ্গলবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান কর্মসূচি অবরোধের আওতামুক্ত থাকবে। তিনি অবরোধের পক্ষে যুক্তি তুলে ধরে দেশবাসীর উদ্দেশে বলেন, “আমি জানি, আপনারা কষ্ট পাচ্ছেন। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের দাবি আদায়ের জন্য এতটুকু কষ্ট আপনারা সহ্য করবেন।” তিনি সোমবারের অবরোধ সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জানান।
সংকট সমাধান করতে গিয়ে সংবিধানের বাইরে কিছু করা যাবে না বলে বিএনপি যে দাবি করে আসছে সে সম্পর্কে আব্দুল জলিল বলেন, জনগণের জন্যই সংবিধান, সংবিধানের জন্য জনগণ নয়। তিনি বলেন, “সংবিধান পবিত্র কোরআন নয়। এটাও পরিবর্তিত হতে পারে।”
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলা ও ইংরেজিতে ‘সংবিধান’ শব্দের বানান ভালো করে শিখে নেওয়ারও পরামর্শ দেন ১৪ দলের সমন্বয়কারী আব্দুল জলিল।
