২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে দেড় শতাধিক আহত, নাটোর রণক্ষেত্র

১৪ দলের দেশব্যাপী অবরোধ কর্মসূচির প্রথম দিনে সোমবার নাটোরে দুই বড় জোটের সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় ৫০জন গুলিবিদ্ধসহ শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় পাঁচ শতাধিক গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 08:16 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

বাগেরহাট, নেত্রকোণা, সিরাজগঞ্জসহ কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই অবরোধ কর্মসূচি পালিত হয়েছে সারাদেশে। অবরোধের কারণে দেশের বিভিন্ন স্থানে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। স্থল, সমুদ্র ও নৌ বন্দরের কোথাও কোন কাজ হয়নি। অবরোধে বন্দরনগরী চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে সারাদেশের সঙ্গে।

প্রতিনিধিদের পাঠানো খবর:

নাটোর: অবরোধ চলার সময় শহরের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে সোমবার ১৪ দল ও ৪ দলীয় জোটের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে নাটোর শহর রণক্ষেত্রে পরিণত হয়। উভয়পক্ষে পাঁচ শতাধিক রাউন্ড গোলাগুলি হয়েছে। এতে ২ সাব ইন্সপেক্টরসহ ৫ পুলিশ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উভয় পক্ষের দেড় শতাধিক নেতা-কর্মী আহত হন। আহতদের মধ্যে পুলিশসহ ৫০ জন গুলিবিদ্ধ হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সদর থানা সূত্র জানায়, সকাল পৌনে ১১ টায় ১৪ দলের নেতা-কর্মীরা শহরের ছায়াবাণি মোড় দখল করে সমাবেশ করছিলেন। এ সময় আলাইপুরের দিক থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে কিছু নেতা-কর্মী মোটরসাইকেল নিয়ে সমাবেশ স্থলের দিকে আসতে থাকে।

এ সময় ১৪ দলের সমাবেশ থেকে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। বিএনপি কর্মীরাও পাল্টা হামলা চালায়। উভয় পক্ষের মধ্যে দুই শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। দুপুর ১টার দিকে বিএনপি কর্মীরা সংগঠিত হয়ে ছায়াবাণি মোড় ও কানাইখালী চত্বর দখল করে নেয়। আওয়ামী লীগ নেতা কর্মীরা দখল পুনরুদ্ধারের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে আবারও ব্যাপক সংঘর্ষ ও গুলিবিনিময় শুরু হয়। শেষপর্যন্ত আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিএনপি কর্মীদের মাদ্রাসা মোড় পর্যন্ত ধাওয়া করে নিয়ে যায়।

দুপুর দেড়টায় যুবদল ও ছাত্রদলের শতাধিক কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে নীচাবাজারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। সেখানেও চলে পাল্টপাল্টি গোলাগুলি। আধা ঘন্টা পর বিএনপি কর্মীরা পিছু হটলে আওয়ামী লীগ গোটা শহর নিয়ন্ত্রণে নেয়।

বিকেল ৩টা পর্যন্ত দফায় দফায় চলা এ সংঘর্ষের সময় সদর থানা পুলিশ ছিল অসহায়। পরে রাজশাহী থেকে র‌্যাব ও দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বাগেরহাট: অবরোধ কর্মসূচি চলাকালে সোমবার সকালে সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে টেম্পো চলাচলকে কেন্দ্র করে ১৪ দল ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপি সমর্থকরা টেম্পো চলাচলে বাধা দানকারী ১৪ দলের কর্মীদের মারধর করলে তারা সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালায়। ডেমা ইউনিয়ন বিএনপি সভাপতি সিদ্দিক তরফদারের পুত্র সজিব তরফদার (২৪), সদর থানা যুবদল নেতা নিলু তরফদার (২৮), ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মল্লিক (৩২ কে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বিএনপি সমর্থক মোহন গাজী (৩৮) ও রিন্টু কাজী (৩৫)।

কর্মসূচির প্রথম দিনে গতকাল দূরপাল্লার যানবাহনসহ জেলার সর্বত্র বাস চলাচল বন্ধ ছিল। সরকারী অফিস ও আদালতে কাজ হয়েছে ঢিমে তালে। ১৪ দল ও বিএনপি বাগেরহাট শহরসহ বিভিন্ন উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জেলার অন্য কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।

নেত্রকোনা: নেত্রকোনা শহরে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালিত হলেও জেলার দূর্গাপুর ও কলমকান্দা উপজেলায় আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের সধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর হয়েছে।

এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। দূর্গাপুরে গুরুতর আহত বিএনপি কর্মী নাজিম উদ্দিনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ: দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ এলাকার পিটিআই মোড় ও দত্তবাড়ি মোড় এলাকায় ছাত্রলীগের সঙ্গে সর্বদলীয় ছাত্র ঐক্য নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের সময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। এতে জেলা ছাত্রদল সভাপতি মির্জা মোস্তফা জামান, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক আসলাম পারভেজ, বিশ্ববিদ্যালয় কলেজের প্রো-ভিপি রুমি, ছাত্রদল নেতা বাবু, জুয়েল, সেলিমসহ ১০ নেতা-কর্মী আহত হন। আহতদের মধ্যে চারজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গাজীপুর: বিক্ষিপ্ত ভাংচুর, সিইসির কুশপুত্তলিকা দাহ রেল লাইন অবরোধের মধ্যে দিয়ে গাজীপুরে সোমবার অবরোধ পালিত হয়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা তিনটি ট্রেন আটকে দিয়ে চালকদের নামিয়ে দিলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল ১১টার দিকে ১৪ দলের মিছিল থেকে টহলরত বিডিআরের পিক আপ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ ছাড়া কাপাসিয়ায় সিইসির কুশ পুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা।

রাজশাহী: অবরোধ কর্মসূচির কারণে রাজশাহী মহানগরী সকাল থেকে সরগরম থাকলেও কোথাও কোন সহিংসতা হয়নি। সোমবার সকালে ১৪ দল মহানগরীর সাহেব বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সাহেব বাজার বড় রাস্তায় বিকেলে বিক্ষোভ মিছিল করেছে এলডিপি।

সিলেট: নগরীর কোর্ট পয়েন্ট সোমবার ছিল ৪ দলের দখলে। অন্যদিকে ১৪ দল নগরীর কদমতলী পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করে। ৪ দলের শরীক বিএনপি, জামায়াত, ইসলামী ঐক্যজোটের নেতা-কর্মীরা সকাল ১০টা থেকে মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে জমায়েত হতে থাকেন। সাংস্কৃতিক কর্মীরা গান গেয়ে নেতা-কর্মীদের চাঙ্গা রাখেন। কর্মসূচি চলাকালে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিকালে কোর্ট পয়েন্টে মহানগর বিএনপি সভাপতি আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

১৪ দলের নেতা-কর্মীরা কদমতলী পয়েন্টে সকাল ১০টা থেকে সমবেত হন। পরে একটি মিছিল রেল স্টেশন ঘুরে পুনরায় কদমতলী পয়েন্টে এসে শেষ হয়। এর পর এক সমাবেশে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, ১৪ দলের জেলা সমন্ব্য়ক আ ন ম শফিকুল হক, আওয়ামী লীগ নেতা ইফতেখার হোসেন শামীম ও অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ বক্তব্য রাখেন।

ময়মনসিংহ: অবরোধের ফলে ময়মনসিংহ রেলওয়ে জংশন, বিদ্যাগঞ্জ, গফরগাঁও এবং গৌরীপুরে আন্তঃনগর একতা, অগ্নিবীনাসহ বেশকিছু ট্রেন আটকা পড়ে। ১৪ দল বিকেলে শহরের গাঙ্গিনার পাড় মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেন ১৪ দলের সমন্বয়ক অধ্যক্ষ মতিউর রহমান।

অন্যদিকে ১৪ দলের দেশব্যাপী নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে বিকেলে শহরের নতুন বাজার মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ৪ দলীয় জোট।

চট্টগ্রাম: অবরোধে সোমবার চট্টগ্রামে জীবনযাত্রায় কোনো ব্যাঘাত না ঘটলেও দূরপাল্লার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মহাসড়কে ১৪ দলের পিকেটারদের কারণে দূরপাল্লার কোনো গাড়ি যেমন চট্টগ্রাম ছেড়ে যেতে পারেনি, ঠিক তেমনি কোনো গাড়ি নগরীতে প্রবেশ করেনি। তবে নগরীর রাজপথে প্রধান দু’ জোটের নেতা কর্মীদের অবস্থান ছিল শান্তিপূর্ণ।

অলংকার মোড় দখলে রাখাকে কেন্দ্র করে দু’জোটের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা থাকলেও পুলিশি তৎপরতার কারণে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী যতদিন পর্যন্ত ১৪ দলের অবরোধ চলবে ততদিন অলংকার মোড় ৪ দলীয় জোটের দখলে রাখার জন্য নেতা কর্মীদের নির্দেশ দেন।

অলংকারের মোড়ের দখল হারিয়ে ১৪ দলের নেতা-কর্মীরা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে পাহাড়তলী এ কে খান গেইটে সমাবেশ করে।

ডক শ্রমিক সিবিএ এর অসহযোগিতার কারণে জাহাজের কন্টেইনার হ্যান্ডলিং নিয়ে সৃষ্ট জটিলতায় সিসিটি (চিটাগাং কন্টেইনার টার্মিনাল) ইয়ার্ডে গত ৫দিন ধরে কন্টেইনার লোডিং-আন লোডিংয়ের কাজ বন্ধ রয়েছে। বন্দর থেকে সকল পণ্যের ডেলিভারি বন্ধ হয়ে গেছে।

নীলফামারী: জলঢাকায় ১৪ দল সমর্থকরা একটি ট্রাক ভাংচুর করে। সৈয়দপুরে ১৪ দল সমর্থক রেল শ্রমিকদের অবরোধের মুখে ভোর থেকে আটকা পড়ে সৈয়দপুর থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ও রকেট মেইল এবং নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস নামে তিনটি ট্রেন। এ ছাড়া গোটা জেলায় সড়ক পথেও সকল প্রকার ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

কিশোরগঞ্জ: কটিয়াদী উপজেলার মানিকখালী রেলস্টেশনে দুটি আন্তঃনগর ও একটি লোকাল ট্রেন অবরোধ সমর্থকদের ব্যারিকেডের ফলে আটকে যায়। এছাড়া বিভিন্ন গন্তব্যের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

দুপুর ৩ টার দিকে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল আবার শুরু হয়। তবে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

লালমনিরহাট: সোমবার সকাল থেকেই অবরোধ কর্মসূচির সমর্থনে ১৪ দলের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। তারা লালমনি-বুড়িমারী এবং রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। বুড়িমাড়ী স্থলবন্দরে ১৪ দলের নেতা-কর্মীদের কঠোর অবস্থানের কারণে সেখানকার সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

লালমনিরহাট বিভাগীয় স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। ওই রুটে চলাচলকারী ১৪টি ট্রেনের মধ্যে কাউনিয়া রেলওয়ে স্টেশনে ৪টি, পার্বতীপুর স্টেশনে ২টি, বগুড়া স্টেশনে ২টি ট্রেন আটকে দেয়া হয়।

অবরোধের সময় লালমনিরহাটে ৪ দলীয় জোটের কোনো মিছিল সমাবেশ হয়নি।

নরসিংদী: ঢাকা-সিলেট মহাসড়কে কোনো যানবাহন এবং জেলার অভ্যন্তরীণ নৌপথে কোনো লঞ্চ চলেনি। ১৪ দলের বিক্ষব্ধ নেতা কর্মীরা সকাল ১১টায় সিইসি এম এ আজিজের প্রতিকৃতি জানাজা ছাড়াই নরসিংদী স্টেডিয়ামের পাশে দাফন করেন।

ফরিদপুর: সকালে ১৪ দলের নেতাকর্মীরা ঢাকা-খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বাখুন্ডা মোড়, মাঝকান্দি মোড়, ধুলদী রেল গেট ও মধুখালী রেল গেট এলাকায় শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে।

ব্রাহ্মণবাড়িয়া: অবরোধের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় রেল চলাচল বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে চট্টগ্রামগামী মহানগর এবং সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস।

জেলা আওয়ামী লীগ নেতা-কর্মীরা র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর নেতৃত্বে পইরতলা রেল ক্রসিংয়ে অবরোধ সৃষ্টি করলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পাবনা: সকালে ঈশ্বরদীতে ট্রেন লাইনের ওপর ১৪ দলের নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। কাজীরহাট-পাটুরিয়া নৌরুটে কোন ফেরি চলাচল করেনি। দুপুরে ১৪ দলের নেতাকর্মীরা পাবনা কেন্দ্রীয় টার্মিনাল, গাছপাড়া, জালালপুর, দাশুড়িয়া, মাধপুর, বনগ্রাম, কাশিনাথপুর, মুলাডুলিসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখে। সকাল ১০টার দিকে জালালপুর মোড়ে দু’টি নসিমন ভাংচুর করা হয়।

এ ছাড়া সাতক্ষীরা, কেরানীগঞ্জ, পটুয়াখালী, শান্তিপূর্ণভাবে আবরোধ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।