২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ট্রেন ও দূরপাল্লার যান চলাচল বন্ধ

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল আহুত অবরোধ কর্মসূচি চলাকালে সোমবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী রেলস্টেশনে দুটি আন্তঃনগর ও একটি লোকাল ট্রেন অবরোধ সমর্থকদের ব্যারিকেডের ফলে আটকে যায়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

অবরোধের কারণে কিশোরগঞ্জ-ময়মনসিংহের মধ্যে ট্রেন এবং বিভিন্ন গন্তব্যের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

প্রথমে ভৈরব থেকে কিশোরগঞ্জমুখী একটি লোকাল ট্রেন মানিকখালী রেল স্টেশনের আউটার সিগন্যালের সামনে অবরোধ সমর্থক নেতাকর্মীদের অবস্থানের কারণে থেমে যায়। পরে সকাল সাড়ে ৬টায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি সোয়া ৭ টার দিকে মানিকখালীতে পৌঁছে অবরোধের মুখে পড়ে। এ ছাড়া সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অপর আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২টায় মানিকখালীতে পৌঁছালে সেটিও অবরোধের মুখে পড়ে। কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেলপথে অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পাশাপাশি অবরোধ কর্মসূচি চলাকালে সকাল থেকে সড়কপথে দূরপাল্লার সকল যান চলাচল বন্ধ রয়েছে। তবে অবরোধ চলাকালে সোমবার কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।