২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৬ টায় জরুরি সভায় বসছে উপদেষ্টা পরিষদ

দশ উপদেষ্টার সঙ্গে রোববার রাতে বৈঠকের ধারাবাহিকতায় নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনা করতে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে জরুরি সভা ডেকেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 05:40 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

এর আগে তিন উপদেষ্টা মাহবুবুল আলম, সুলতানা কামাল এবং আজিজুল হক প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের সঙ্গে সোমবার সকাল ১১ টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাক্ষাত করেন।

১১টা ৪০ মিনিটে বৈঠক থেকে বেরিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র মাহবুুবুল আলম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে জানানো হবে।

‘দেশবাসী উৎকণ্ঠায় আছে’ সাংবাদিকদের এ মন্তব্যের জবাবে মাহবুবুল আলম বলেন, “আমরাও উৎকণ্ঠায় আছি। আজই রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে পুরো বিষয়টি তুলে ধরবো। ”

অপরদিকে দুই একদিনের মধ্যেই রাজনৈতিক অচলাবস্থার অবসানের বিষয়ে আশাবাদী উপদেষ্টা সুলতানা কামাল। সিইসি আজিজের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

প্রসঙ্গতঃ রোববার রাতে রাষ্ট্রপতির সঙ্গে জরুরি বৈঠকে সিইসির সঙ্গে কথা বলার জন্য ‘একটি উচ্চতর প্রতিনিধি দল’ পাঠানোর সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। এর ধারাবাহিকতায় তিন উপদেষ্টা সোমবার সকালে এম এ আজিজের সঙ্গে সাক্ষাৎ করেন।

সিইসি প্রসঙ্গে উপদেষ্টা সুলতানা কামাল বলেন, “সিইসি নিজেও বর্তমান এ রাজনৈতিক পরিস্থিতির অবসান চান। তবে তিনি তার মতামত দু’একদিনের মধ্যে জানাবেন।”

সিইসির পদত্যাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেন, “সংবিধানের বাইরে কিছুই হবে না। তবে আমাদের কিছু ‘অবলিগেশন’ এর কারণে এ মুহূর্তে কিছু বলতে পারছি না।”