২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষ এড়াতে মুক্তাঙ্গন এখন অবরুদ্ধ

রাজধানীর মুক্তাঙ্গন এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে রোববার গভীর রাত থেকে ওই এলাকাকে অবরূদ্ধ করে রেখেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 03:19 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

এর আগে শনিবার বিকেলে চার দলীয় জোটের ছাত্র সংগঠনগুলোর মোর্চা ছাত্র ঐক্য অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে অর্নিদিষ্টকালের জন্য মুক্তাঙ্গনে অবস্থান করার ঘোষণা দিয়ে সেখানে বিভিন্ন কর্মসূচি শুরু করে।

কিন্তু ওই এলাকা যুবলীগের জন্য বরাদ্দ থাকায় যুবলীগ নেতারা এর প্রতিবাদ করে পুলিশকে জানান যে, ২০ নভেম্বর তারা যদি ওই এলাকায় কর্মসূচি পালন করতে না পারে তাহলে উদ্ভুত পরিস্থিতির জন্য পুলিশকে দায়িত্ব নিতে হবে।

দুই পক্ষের এ পরষ্পরবিরোধী অবস্থানের পরিপ্রেক্ষিতে রাত দেড়টায় পুলিশ মুক্তাঙ্গন থেকে ছাত্র ঐক্যের মঞ্চ সরিয়ে দেয় এবং সেই সাথে সকলের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।

এরপর থেকে পুরানা পল্টন ও নূর হোসেন স্কয়ারের মধ্যবর্তী মুক্তাঙ্গন এলাকা কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখে পুলিশ। তারা ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছে না।

ছাত্রদলের সভাপতি আজিজুল বারি হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, প্রশাসন ও জোট নেতৃবৃন্দের অনুরোধে তারা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।