কচুয়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত ইউএনওকে অবাঞ্ছিত ঘোষণা
চাঁদপুরের কচুয়া উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নওয়াব আসলাম হাবিবকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
১৯ নভেম্বর রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ মজুমদার তাকে অবাঞ্ছিত ঘোষণার কথা জানান।
শহীদ উল্লাহ মজুমদার বলেন, সদ্য নিয়োগপ্রাপ্ত ইউএনও নওয়াব আসলাম হাবিবকে কচুয়ায় প্রবেশ করতে দেওয়া হবে না। প্রয়োজনে কচুয়ার উত্তর--দক্ষিণ বন্ধ করে দিয়ে সারাদেশ থেকে কচুয়াকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের সময় কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব পালনের সময় পক্ষপাতিত্বমূলক আচরণ করেন এবং নির্বাচনের পর জোট সরকার ক্ষমতায় আসায় পদোন্নতি নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। সেখানেও তিনি কচুয়ার সাংসদ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশ মোতাবেক পক্ষপাতিত্বমূলক আচরণ করেন। বর্তমানে তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলা থেকে চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হন।
