অবিলম্বে নির্বাচন তফসিল ঘোষণা করুন: মান্নান
বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া রোববার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ইয়াজউদ্দিন আহমেদের প্রতি অবিলম্বে নির্বাচন তফসিল ঘোষণার দাবি জানিয়ে বলেছেন, ‘জনগণ এখন নির্বাচন চায়। তারা নির্বাচনের জন্য প্রস্তুত।’
রোববার বিকালে মহানগর চারদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘১৪ দল নির্বাচনে যেতে ভয় পাচ্ছে বলেই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।’ তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক সংকট নিরসন করা তত্ত্বাবধায়ক সরকারের কাজ নয়। তাদের কাজ নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে সেদিকে লক্ষ্য করা। নির্বাচন ছাড়া আর কিছু না করার জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, ‘সংবিধানের বাইরে কোন কিছু আমরা মানবো না। প্রয়োজনে রাস্তায় নামবো।’
নির্বাচন সামনে রেখে চারদলীয় জোট এখনই মাঠে নামতে প্রস্তুত বলে জানান মান্নান ভূঁইয়া।
চারদলের পরবর্তী কর্মসূচী হিসেবে সোমবার সারাদেশে সভা, সমাবেশ ও অবস্থান কর্মসূচীর ঘোষণা দেন তিনি।
মহানগর বিএনপি সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব সাইদুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিএনপি এবং জামায়াত ইসলামীর নির্বাচনী প্রতীক এবং ব্যানার ফেস্টুন নিয়ে মিছিলটি মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
