কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৯
অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ ৯ নেতাকর্মী আহত হয়েছেন শহরের ইসলামীয়া ছাত্রাবাস চত্বরে শনিবার দুপুরে। সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
সুমন ছাড়া অন্য আহতরা হলেন ক্রীড়া সম্পাদক সোহেল রানা সোহেল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাসেল, সহ-প্রচার সম্পাদক মোকাম্মেল হক খান নয়ন, কার্যকরী সদস্য বাসার, বাবুল, শাহজাহান, তুষার ও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজন।
দুপুরের দিকে ওই চত্বরে জেলা বিএনপির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম. ওসমান ফারুকের সভাপতিত্বে বিএনপির সভা চলাকালে হামলার এই ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, সদর উপজেলার নতুন কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এক পর্যায়ে বিএনপি নেতা ওয়ালী উল্লাহ রাব্বানী গ্রুপের কর্মীরা অপর গ্রুপের ওপর হামলা চালায়। পরে উপস্থিত নেতৃবৃন্দ এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আহত আব্দুল্লাহ আল মাসুদ সুমন বলেন, “ সাবেক শিক্ষামন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি ড. এম ওসমান ফারুককে সংবর্ধনা জানানোর কারণেই ক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের নির্দেশে এ হামলা চালানো হয়েছে।”
এদিকে সুমনের অভিযোগ অস্বীকার করে সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান বলেন, “শিক্ষামন্ত্রীর নির্দেশে তাঁর সমর্থকরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।”
সাবেক শিক্ষামন্ত্রী ও জেলা বিএনপি সভাপতি ড. এম ওসমান ফারুকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এদিকে হামলার প্রতিবাদে আব্দুল্লাহ আল মাসুদ সুমনের সমর্থকরা সন্ধ্যার পর শহরে বিক্ষোভ মিছিল বের করে।
