প্রধান উপদেষ্টা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন: ১৪ দল
রহস্যজনক কারণে প্রধান উপদেষ্টা ড. ইয়াজউদ্দিন আহম্মেদ কালক্ষেপনের কৌশল গ্রহণ করে দেশকে সংঘাত ও অনিশ্চিয়তার দিকে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ১৪ দলীয় নেতৃবৃন্দ।
ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইতোমধ্যে চারদিনের দুই দিন অতিবাহিত হলো উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল শুক্রবার বলেন, উদ্ভুত সংকট সমাধানে তত্ত্বাবধায়ক সরকার এ পর্যন্ত কোন ফলপ্রসূ কার্যক্রম গ্রহণ করেনি।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি চার উপদেষ্টা তাদের সুপারিশ প্রস্তুত করেছেন। কিন্তু প্রধান উপদেষ্টা এ বিষেয়ে সংশ্লিষ্ট চার উপদেষ্টা পরিষদের সঙ্গে এখন পর্যন্ত কোন আলোচনা করেননি।
উপদেষ্টা পরিষদকে অন্ধকারে রেখে হাওয়াভবনের আজ্ঞাবহ প্রধান উপদেষ্টা বঙ্গভবনকে কাশিমবাজার কুঠিতে পরিণত করেছে বলে উল্লেখ করে জলিল বলেন, খালেদা জিয়ার নির্দেশে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, তাদের ষড়যন্ত্র কার্যকর করার জন্য তড়িঘড়ি করে নির্বাচন কমিশনারদের বঙ্গভবনে ডেকে গোপন শলাপরামর্শ করেছেন তিনি।
জলিল বলেন, আমরা আবার দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই দেশবাসীর কাছে প্রত্যাখ্যাত এম এ আজিজ ও অন্যান্য নির্বাচন কমিশনারদের বহাল রেখে কোন নীলনকশার নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। নির্বাচন কমিশন পুনর্গঠন, ভোটার তালিকা ত্রুটিমুক্ত ও হালনাগাদ করা এবং রীতিমাফিক ভোটার তালিকা প্রকাশ ছাড়া নির্বাচনের তফসিল ঘোষণার চেষ্টা করলে বাংলার মানুষ তা প্রতিরোধ করবে।
কোন নীলনকশার নির্বাচন নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। কিন্তু নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ভোটচুরি ও কারচুপি করে বিএনপি-জামাত জোটের ক্ষমতায় যাওয়ার নীলনকশা বাস্তবায়নের নির্বাচন দেশবাসী হতে দেবে না।
১৪ দলের সমন্বয়ক বলেন, খালেদা জিয়ার ঘোষণাই প্রমাণ করে বিএনপি-জামাত জোট সকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় না।
তিনি বলেন, তারা ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির মতো আরেকটি তামশার নির্বাচন করার যড়যন্ত্র করছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ওয়র্কার্স পাটির নেতা রাশেদ খান মেনন এবং জাসদ নেতা হাসানুল হক ইনু।
