বিএনপি আমাকে অপহরণের চেষ্টা করেছিল: ব্যারিস্টার জিয়া
এলডিপি নেতা ব্যারিস্টার জিয়াউর রহমান খান বলেছেন, ছেড়ে আসা “দুর্নীতিগ্রস্ত” বিএনপিতে তিনি আর ফিরে যাবেন না। বারিধারার দলীয় কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের নেতৃত্বে বিএনপি কর্মীরা আমাকে অপহরণেরও চেষ্টা করেছিল।”
ব্যারিস্টার জিয়া আরও বলেন, “আমি আবার বিএনপিতে ফিরে যাচ্ছি-এ কথা বলে বিএনপির হাইকমান্ড ধামরাই থেকে আমার অনুগত হাজার হাজার কর্মীকে আমার ঢাকার বাসায় নিয়ে আসে। এরই মধ্যে মিলনও আমার বাসায় আসেন। তিনি জোর করে আমাকে হাওয়া ভবনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।”
বৃহস্পতিবার একটি বেসরকারি টিভি চ্যানেলের খবরে বলা হয়, ব্যারিস্টার জিয়া হাওয়া ভবনে গিয়েছিলেন। এ ব্যাপারে ব্যারিস্টার জিয়ার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সংবাদটি পুরোপুরি ভুয়া-। আমার ওই দিন ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল এবং ডাক্তারের কাছে গিয়েছিলামও। আমি কাউকে বলিনি যে আমি হাওয়া ভবনে যাচ্ছি। ”
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমি আর ছেড়ে আসা দুর্নীতিগ্রস্ত বিএনপিতে ফিরে যেতে চাই না।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপির সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, নির্বাহী সভাপতি ড. কর্নেল অলি আহমেদ, মহাসচিব মেজর (অব.) মান্নান, শেখ রাজ্জাক আলী, আলমগীর কবীর, মনি স্বপন দেওয়ান ও মাহি বি চৌধুরী।
বদরুদ্দোজা চৌধুরী ব্যারিস্টার জিয়ার ধানমণ্ডির বাসার ঘটনার কথা উল্লেখ করে বলেন, “এক জনকে জোর করে অন্য দলে নিয়ে যাওয়ার চেষ্টা করা রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য, নৈতিকতা বিরোধী এবং অপহরণের শামিল। এটা শাস্তিযোগ্য অপরাধও বটে। আমরা আশা করছি তত্ত্বাবধায়ক সরকার এ ব্যাপারটির দিকে দৃষ্টি দেবেন।”
তিনি আরও বলেন, “আমাদের দলে যোগ দেওয়ার পর বিএনপির এক বড় নেতা তাকে টেলিফোনে অশালীন ভাষায় হুমকি দিয়েছেন। বিএনপির নেতারা এখন এলডিপিতে ভাঙন ধরানো এবং নেতাদের ভাগিয়ে নেওয়ার চক্রান্ত করছে। দলে ফিরিয়ে নেওয়ার জন্য সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের মাধ্যমে ৫/১০ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাবও করছে তারা। এসব ঘটনায় প্রমানিত হয় এলডিপির সমৃদ্ধি এবং জোরালো নৈতিক ভিত্তি দেখে বিএনপি হাইকমান্ড ভীত হয়ে পড়েছে।”
তিনি দলের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে বলেন, বিএনপির স্ট্যান্ডিং কমিটির দুইজন সদস্য এবং প্রায় একশর মত সাবেক সংসদ সদস্য তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। তারা খুব শিগগিরই এলডিপিতে যোগ দেওয়ার ঘোষণা দেবেন।
বৃহস্পতিবারের ঘটনার ব্যাপারে বিএনপি নেতৃত্বের দিকে ইঙ্গিত করে এলডিপি নেতা অলি আহমেদ বলেন, “আমাদের অপহরনের চেষ্টা করবেন না-আমরা কখনও দুর্নীতিবাজ লোকদের সঙ্গে যাব না। কারণ কোনো সৎ ও দেশপ্রেমিক লোকের বিএনপির সঙ্গে থাকা সম্ভব না।”
