১৪ দল অবরোধে গেলে মাঠে থাকবে চার দলও
সোমবার থেকে ১৪ দল পুনরায় অবরোধে গেলে মঙ্গলবার থেকে চার দল প্রতিদিন রাজধানীসহ সারাদেশে কর্মসূচি দেয়ার চিন্তা করছে। এ জন্য বিএনপি হাই কমান্ড দলীয় এবং শরিক দলের নেতাদের প্রস্তুত থাকতে বলেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি ও অঙ্গসংগঠনসহ শরিকদলগুলো ঢাকার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও অবস্থান কর্মসূচি দেবে।
নয়া পল্টনে বিএনপির নগর কার্যালয়ে মহানগর বিএনপির এক জরুরী যৌথসভা ডাকা হয়েছে শনিবার বেলা ১১টায়। এতে রোববারের কর্মসূচিসহ পরবর্তী কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
১৪ দলের আল্টিমেটাম রোববার শেষ হলে সোমবার থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা নিয়ে বিএনপির নীতিনির্ধারকরা করণীয় কর্মকৌশল নিয়ে আলোচনা করছেন। সূত্র জানায়, গত অবরোধে বিএনপি পাল্টা কর্মসূচি না দিয়ে একেবারে নীরব থাকার যে কৌশল নিয়েছিল, এবার আর তা করবে না। একাধিক সিনিয়র নেতা জানান, বিএনপি দলীয় কর্র্মীদের রাজপথে সক্রিয় রাখা হবে, তবে কোনো পাল্টা-পাল্টি অবস্থানে যাবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “আমরা ১৪ দলের পাল্টা কর্মসূচি দেব না। আমাদের কর্মসূচি হবে নির্বাচনমূখী ও জনমত গঠনের। আওয়ামী লীগ নির্বাচন চায় না বলে তারা অবরোধের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের ওই কর্মসূচির প্রতি দেশের মানুষের সমর্থন নেই।”
জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান বলেন, চার দল দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যারা দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। চার দল দেশের জনগনকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ওই ষড়যন্ত্র মোকাবেলা করবে।
