২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য উন্নয়ন প্রকল্প থেকে জোট সরকারের নিয়োগ বাতিল করুন: সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) পার্বত্য চট্টগ্রামে “সেনা শাসন” প্রত্যাহার এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠান ও প্রকল্প থেকে সাবেক জোট সরকারের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 08:04 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সাবেক সেনা প্রধান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে দেখা করে তিনি এসব দাবি জানান। এসময় তারা বিভিন্ন বিষয়ে প্রায় এক ঘন্টা একান্তে আলোচনা করেন।

বৈঠকটিকে সৌজন্য সাক্ষাত দাবি করে সন্তু লারমা সাংবাদিকদের বলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদসহ বিভিন্ন বিষয় নিয়ে তারা মত বিনিময় করেছেন।

তিনি বলেন, ‘শান্তি চুক্তি স্বাক্ষরের পর পার্বত্য চট্টগ্রামে বেশ কিছু গঠনমূলক কাজ হচ্ছে। এটা তত্ত্বাবধায়ক সরকারের চলবে। যা পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য আরো ইতিবাচক প্রভাব ফেলবে।’

এক প্রশ্নের জবাবে সন্তু লারমা বলেন, শান্তিচুক্তি স্বাক্ষরের দীর্ঘদিন পরও পার্বত্য চট্টগ্রামে ‘সেনাশাসন’ চলছে। চুক্তি অনুযায়ী সেখানে ছয়টি ক্যান্টনমেন্ট থাকার বিষয়টি এলাকাবাসী মেনে নিলেও “সেনাশাসন” মানতে পারেন না। এ জন্য সেনাশাসন অবসানের ব্যাপারে পদক্ষেপ নিতে উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের ভূমি বন্টন ও ভোটার তালিকা সংশোধনের বিষয়েও উপদেষ্টাকে জানানো হয়েছে বলে তিনি জানান। এ নিয়ে আগামী শনিবার তারা আবারো বৈঠকে বসবেন। তখন সবকিছুর সমাধান সম্ভব হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়াকে অপসারনের দাবি করে তিনি বলেন, এ বিষয়ে উপদেষ্টাকে জানানো হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রকল্প থেকে জোট সরকারের সব নিয়োগ বাতিলেরও দাবি জানানো হয়েছে।

তিনি বলেন, “ওয়াদুদ ভূঁইয়া একটি নির্দিষ্ট দলের লোক। তিনি ওই দল থেকে ইতোমধ্যে ভোটে দাঁড়ানোরও দিয়েছেন। তাই তার নিজেরই উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের পদ থেকে সরে যাওয়া উচিত।”

বৈঠকের বিষয়ে উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।