নির্বাচন কমিশনে সাংবাদিক হয়রানি, নিরাপত্তা জোরদার
নির্বাচন কমিশন সচিবালয়ে বৃহস্পতিবার দিনভর সাংবাদিকরা সাদা পোশাকের পুলিশের নানা হয়রানির শিকার হন। আগের যে কোনো সময়ের চেয়ে এখন সচিবালয় ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বুধবার থেকেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজের নিরাপত্তা জোরদার করা হয় এবং কমিশন সচিবালয়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনার মাহমুদ হাসান মনসুরের মোহাম্মদপুরের বাসভবনে গুলি বর্ষণের ঘটনায় তাঁর কর্মস্থল সচিবালয়ের পূর্ব ব্লক তালাবদ্ধ করে প্রায় অবরুদ্ধ করে ফেলা হয়। এমন কি পূর্ব ও পশ্চিম ব্লকের সংযোগ ব্রিজের প্রবেশ পথের কোলাপসিবল গেটও সার্বক্ষণিকের জন্য করে রাখা হয় তালাবদ্ধ। এ কারণে ওই ব্লকের ক্যান্টিনটিও সাংবাদিকদের জন্য ছিল নিষিদ্ধ।
পেশাগত কারণে সকাল থেকে সিইসির কর্মস্থল পশ্চিম ব্লকে প্রবেশ করতে গিয়ে প্রায় অর্ধশত সাংবাদিক পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যদের হয়রানি ও দুর্ব্যবহারের শিকার হন। এক পর্যায়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে তাদের বাক-বিতণ্ডাও ঘটে।
সাংবাদিকদের একটি প্রতিনিধি দল বিষয়টি কমিশন সচিব আব্দুর রশীদ সরকারকে জানান। কিন্তু সচিব ঘটনা তদন্ত না করেই উল্টো কমিশনের পক্ষ থেকে বিশেষ ধরনের পরিচয় পত্র প্রদানের প্রস্তাব দেন। সাংবাদিকরা এই প্রস্তাব প্রত্যাখান করে সচিবকে জানান, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্রই যথেষ্ট।
এসবি পুলিশের সঙ্গে ওই অপ্রীতিকর ঘটনার জের ধরে বৃহস্পতিবার সচিব আব্দুর রশীদ বা সিইসি কেউই সাংবাদিকদের সাক্ষাৎ দেননি। অথচ কমিশনের মুখপাত্র হিসেবে সচিবের প্রতিদিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের সম্পর্কে বিভিন্ন অগ্রগতির খবর জানানোর কথা।
