বিটিভির সংবাদে এখনো পক্ষপাতিত্ব
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এখনো নিরপেক্ষভাবে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরছে না।
রাষ্ট্র নিয়ন্ত্রিত এই গণমাধমে ১৪ দলের অবরোধ কর্মসূচি গুরুত্বহীন ও সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের কর্মসূচির সংবাদ ফলাও করে প্রচার করা হয়।
মঙ্গলবার রাত ৮ টার সংবাদে ১৪ দলের অবরোধ কর্মসূচি যথারীতি অবহেলিত ছিলো। অবরোধের সংবাদ প্রচারে বিটিভি বরাদ্দ করে দুই মিনিট, অথচ চার দলের কর্মসূচির জন্য বরাদ্দ ছিলো সাড়ে তিন মিনিট।
অন্যান্য দিনের মত মঙ্গলবারও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সংবাদকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
এদিন বিটিভির শীর্ষ খবর ছিলো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ীদের সাক্ষাতের সংবাদটি। এর পরেই স্থান পায় উপদেষ্টা আকবর আলী খানের সংবাদ সম্মেলনের খবর। তৃতীয় সংবাদটি ছিলো বিএনপি নেতৃত্বাধীন চার দলের কর্মসূচি এবং দলের মহাসচিব মান্নান ভূইয়ার বক্তব্য। এই সংবাদটি দুই ভাগে বিজ্ঞাপনের আগে ও পরে প্রচার করা হয়। চতুর্থ স্থানে প্রচার করা হয় ১৪ দলের অবরোধ কর্মসূচির সংবাদ।
অন্যদিকে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অভিযোগের খবরটি প্রচার করা হয় ১৩ নম্বরে। এর জন্য বরাদ্দ ছিলো মাত্র ৪৫ সেকেন্ড।
মোট ২৫ মিনিটের সংবাদে আন্তর্জাতিক খবরের জন্য ছয় মিনিট এবং খেলার খবরের জন্য দেড় মিনিট সময় বরাদ্দ করা হয়।
এছাড়া চার দলীয় জোটের দেশব্যাপী সমাবেশ কর্মসূচির ঘোষণা নিয়ে সংবাদও গুরুত্ব সহকারে প্রচার করা হয়।
