২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে আ. লীগ ও বিএনপির সংঘর্ষে আহত ৫০

ময়মনসিংহে মঙ্গলবার বিকেলে চারদলীয় জোট ও ১৪ দলের মধ্যে দফায়-দফায় সংঘর্ষে পুলিশসহ উভয় দলের ৫০ জন নেতা কর্মী আহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 10:32 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

বিকাল পাচঁটা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা সংঘর্ষে শহরের প্রধান প্রধান রাস্তাগুলো রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম মারাত্মক আহত হয়েছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়লে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর চড়াও হলে পুলিশ সংঘর্ষ স্থল ত্যাগ করে নিরাপদে চলে যায়। এরপর সন্ধ্যা ৭ টার দিকে র‌্যাব ও বিডিআর ঘটনাস্থলে এলে উভয় দল কিছুটা পিছু হটে।

সংঘর্ষে আহতরা শহরের বিভিন্ন ক্লিনিকে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তিকৃতরা হলো আওয়ামী লীগের ছাত্রলীগ নেতা চন্দন, মিন্টু, ইষান, ওয়াসিম ও জাসদ ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আর বিএনপির মিলন, সাদেক শুভ জাকির হোসেন, যুবদল নেতা আলমাস, স্বপন।

শহরে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিডিআর মোতায়েন করা হয়েছে। রাতে শহরে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার ও কাগজ জ্বালিয়ে বিক্ষোভ করেন।

শহর বিএনপির আহবায়ক কাজী রানা জানান, বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ দলীয় জোট শহরের নতুন বাজার বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করে গাঙ্গিনার পাড় ক্রস করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় গাঙ্গিনার পাড় ট্রাফিক আইল্যান্ডে অবস্থান নেওয়া ১৪ দলের নেতা-কর্মীরা জোটের শান্তিপূর্ণ মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, মঞ্জুরুল হক, কাজী রানা, লিটন আকন্দ ও জিয়া উদ্দিন সাকির প্রমুখ।

১৪ দলের সমন্বয়ক অধ্যক্ষ মতিউর রহমান অভিযোগ করে বলেন, বিএনপি আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করেছে।