বিতর্কিত কোহিনূরকে বদলির প্রতিবাদে রাঙ্গামাটিতে বুধবার হরতাল
ঢাকা মহানগর পুলিশের পশ্চিম জোনের ডিসি কোহিনূর মিয়াকে রাঙ্গামাটি জেলার এপিবিএন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবে নিয়োগ করার প্রতিবাদে বুধবার রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা আওয়ামী লীগ।
এদিকে, কোহিনূর মিয়াকে রাঙ্গামাটিতে বদলি করার খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার রাত ৯টার দিকে রাঙ্গামাটি শহরের বনরূপা, তবলছড়ি, কলেজ গেইট এলকায় পৃথক পৃথকভাবে প্রতিবাদ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ।
বনরূপায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মান। এতে বক্তব্য রাখেন জেলা যুব লীগের সভাপতি জমির উদ্দীন জমির, জেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন চৌধূরী, সাধারণ সম্পাদক আশীষ কুমার চাকমা নব ও মনসুর আহমেদ প্রমূখ।
সমাবেশে বক্তারা কোহিনূর মিয়াকে রাঙ্গামাটিতে প্রবেশ করতে দেওয়া হবে না এবং তাকে প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দেন।
বক্তারা বলেন, যেকোনো মূল্যে কোহিনূর মিয়াকে রাঙ্গামাটি ঢুকতে দেওয়া হবে না। বক্তারা অবিলম্বে কোহিনূর মিয়ার বদলির আদেশ প্রত্যাহার করার জন্য সরকারের কাছে দাবি জানান।
