খুলনায় অবরোধের তৃতীয় দিনও ছিল শান্তিপূর্ণ
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের লাগাতার অবরোধের তৃতীয় দিনও খুলনা ছিল শান্ত। মহানগরীর ও জেলার ২৯টি পয়েন্টে অবরোধ কর্মসূচি চলেছে। তবে কোনরকম সহিংসতার ঘটনা ঘটেনি।
অবরোধে খুলনা থেকে কোন দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। নগরীতে চলাচল করেনি আন্তঃনগর বাস এবং টেম্পো। ট্রেন এবং লঞ্চ চলাচলও ছিল বন্ধ। এর ফলে স্থানীয় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে গেছে। তবে নগরীতে রিকশা ও ভ্যান চলাচল করতে দেখা গেছে। স্কুল কলেজে ক্লাস হয়নি। ব্যাংক বীমার প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে। তবে কয়েকটি ব্যাংকে অতি গোপনীয়তার সঙ্গে লেনদেন চলেছে।
অবরোধ চলাকালে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খুব সকালে খন্ড খন্ড মিছিল বের হয়। এ ছাড়া সাংস্কৃতিক কর্মীরা দুপুর থেকে বিকেল পর্যন্ত গণ সংগীত গেয়ে উজ্জীবিত করে রাখেন অবরোধকারীদের। বিকেলেও পুনরায় সমাবেশ এবং সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে ১৪ দল সমর্থকরা।
