২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ১৪ দলের বিক্ষোভ সমাবেশ

অবরোধের তৃতীয় দিন মঙ্গলবার রাজশাহী মহনগরীতে মিছিল সমাবেশ করে ১৪ দল রাজপথ নিজেদের দখলে রাখে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

রাজশাহী থেকে দেশের কোথাও ট্রেন, বাসসহ অন্যান্য যানবাহন ছেড়ে যায়নি। নগরীতে রিকশা ও মোটর সাইকেলও চলেছে খুবই কম। স্কুল-কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতিও কম ছিল এবং অফিস-আদালত ছিল ফাঁকা।

রাজশাহী মহানগরীর সাহেব বাজার বড় রাস্তায় ১৪ দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বেলা ১১ টার দিকে ১৪ দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়। বেলা সাড়ে ১১ টায় মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে বেলা ২ টা পর্যন্ত একটানা সমাবেশ করে।

মহনগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পাটির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন, ন্যাপ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ সাফিকুল আলম, জাসদ মহানগর সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলী।

সমাবেশে বক্তারা বলেন, দেশের মধ্যে এখন অনেকগুলো সরকার। রাষ্ট্রপতি একটি সরকার চালাচ্ছেন, প্রধান উপদেষ্টার একটি সরকার, ১০ উপদেষ্টার একটি সরকার। এছাড়াও পুলিশের মধ্যেও রয়েছে পুলিশ। জাতীয়তাবাদী ও জামায়াতি পুলিশ। এসব দিয়ে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

বক্তারা আরও বলেন, রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার অনুমতি না নিয়ে যদি স্বরাষ্ট্র সচিব সেনাবাহিনী নামানোর মতো অন্যায় কাজ করে তাহলে তাকে বরখাস্ত করতে হবে।