২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি পদে নতুন নাম প্রস্তাব করেছে জাতীয় যুক্তফ্রন্ট

জাতীয় যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অবিলম্বে অপসারণ করে বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী অথবা বিচারপতি হামিদুল হককে তার স্থলাভিষিক্ত করার দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাহী সভাপতি কর্নেল অলি আহমেদের নেতৃত্বে এলডিপি, জাতীয় ঐক্যমঞ্চ এবং তরিকত ফেডারেশনের সমন্বয়ে গঠিত জাতীয় যুক্তফ্রন্টের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে এই দাবি করেন।

বৈঠকের পর কর্নেল অলি বলেন, দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায় সিইসিকে অপসারণ করা জরুরি। তা না হলে সৃষ্ট অচলাবস্থার অবসান হবে না। তাকে অপসারণের জন্য সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের প্রয়োজন নেই বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে ভোটার তালিকা সংশোধন, অবৈধ অস্ত্র উদ্ধার, প্রশাসনের বিতর্কিত ব্যক্তিদের অপসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে অলি আহমদ জানান।

এ ছাড়া যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ তাদের দলের নেতৃস্থানীয় নেতাদের নিরাপত্তার বিষয়টিও উপদেষ্টাদের কাছে তুলে ধরেছেন।

বৈঠকে বিগত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন স্তরে নিয়োগপ্রাপ্ত বিতর্কিত ব্যক্তিদের একটি তালিকাও তারা উপস্থাপন করেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন এলডিপি নেতা সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী, দলের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, ব্যারিস্টার জিয়াউর রহমান খান, আলমগীর কবির, রেদওয়ান আহমেদ, আনোয়ারুল কবির তালুকদার, নুরুল আমিন বেপারী, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাশার মাইজভান্ডারী এবং জাতীয় ঐক্যমঞ্চের কামান্ডার আব্দুর রউফ।

উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. আলী আকবর খান, সিএম শফি সামি, মাহবুবুল আলম ও ইয়াসমিন মুর্শেদ।