২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসি

যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূতরা মঙ্গলবার রাজনৈতিক অচলাবস্থা নিরসনে তত্ত্বাবধায়ক সরকারের নেয়া সর্বশেষ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

রাষ্ট্রদূতরা বলেন, যথাযথভাবে কাজ করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের সময় দরকার। তারা রাজনৈতিক সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান।

অর্থ উপদেষ্টা আকবর আলী খানের সাথে তাঁর মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত স্টিফ্যান ফ্রোয়েইন সাংবাদিকদের বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের প্রতি এবং রাজনৈতিক অচলাবস্থা নিরসনে তাদের সব উদ্যোগের প্রতি আমাদের সমর্থন রয়েছে।”

তত্ত্বাবধায়ক প্রশাসন একটি কঠিন কাজ করছেন বলে জানান ফ্রোয়েইন।

তিনি বলেন, “তারা যা করতে চায় তা করার জন্য তাদের সময় দিন। প্রত্যেকের উচিত কাজের জন্য তাদের সময় দেওয়া।”

অর্থনৈতিক দিক বিবেচনা করে সহিংসতা বন্ধের জন্য তিনি রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান।

পৃথকভাবে আকবর আলী খানের সাথে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত পেট্রিসিয়া বিউটেনিস বলেন, “রাষ্ট্রপতি এবং উপদেষ্টা পরিষদের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কারের মতো সমস্যাগুলো সমাধানে তারা সক্ষম হবেন বলে আমি আশাবাদী।”

বিউটেনিস সাংবাদিকদের বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে। আশা করি, সব বাংলাদেশীরই তাদের প্রতি সমর্থন আছে।”

রাজনৈতিক অচলাবস্থা নিরসনে রাজনৈতিক দলগুলোর ছয় দফা সংলাপ করে ব্যর্থ হয়েছে বলে তিনি জানান।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের নতুন উদ্যোগকে আমরা উৎসাহিত করি। উপদেষ্টারা অত্যন্ত যোগ্য এবং তারা একটি সমাধান খুঁজে বের করতে সক্ষম হবেন।”

তত্ত্বাবধায়ক সরকারের প্রতি রাষ্ট্রদূতদের পূর্ণ সমর্থন রয়েছে বলে আকবর আলী খান জানান।