২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসিকে সরাতে সরকারকে প্রস্তাব দিয়েছে জাপা

প্রধান নির্বাচন কমিশনার স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে অপসারণে সংবিধান অনুযায়ী সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে প্রস্তাব জানিয়েছে জাতীয় পার্টি। পাশাপাশি সংশোধিত ভোটার তালিকা বাতিলের দাবিও জানান তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

মঙ্গলবার বিকেলে কাজী জাফর আহমেদের নেতৃত্বে জাতীয় পার্টির চার সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের সাথে দেশের রাজনীতি ও আগামী নির্বাচন বিষয়ে এক ঘণ্টা বৈঠকের পর সাংবাদিকদের একথা জানানো হয়।

বৈঠকে আগামী নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য জাতীয় পার্টির প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়। একইসাথে প্রশাসনকে নির্দলীয় করে নির্বাচন কমিশনের অধীনে আনার দাবিও জানান তারা।

দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ সাংবাদিকদের বলেন, “সিইসির অপসারণ ছাড়া চলমান সমস্যার সমাধান সম্ভব নয়। আমরা আশা করি তিনি স্বেচ্ছায় সরে যাবেন এবং সেটাই তার জন্য মর্যাদার হবে।”

তিনি বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনে দলীয় সব নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে। বিগত সরকারের নিয়োগ করা উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের নিয়োগ বাতিলেরও দাবি জানান তারা।

পাশাপাশি প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করতে তা ঢেলে সাজানোর দাবি জানানো হয়েছে। এছাড়া সব ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের জন্যও তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান তারা।

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও জাতীয় পার্টির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে কাজী জাফর বলেন, তত্ত্বাবধায়ক সরকার আন্তরিক হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব।

বৈঠকে জাতীয় পার্টির প্রতিনিধি দলের অন্যান্য সদস্য ছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মজিবুর রহমান ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. আকবর আলী খান, এসএম শফি সামি, মাহবুবুল আলম ও ইয়াসমিন মুর্শেদ ।