২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে সাবেক মন্ত্রী আলতাফের বিরুদ্ধে বিএনপির একাংশ

সাবেক দপ্তরবিহীন মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দেওয়ার দাবি জানিয়েছে জেলা বিএনপির একাংশ।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

মঙ্গলবার আদালত পাড়ার বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার কুট্টি এ দাবি জানান।

সম্মেলনে কুট্টি বলেন, “২৮ অক্টোবর অবরোধ কর্মসূচি চলাকালে সবার সামনে ১৪ দলের নেতা-কর্মীরা বিএনপি কার্যালয়, যুবদল নেতা মশিউর রহমান ও কৃষক দলের সভাপতি এএসএম রব হাওলাদারের বাড়িতে হামলা চালায়। অথচ আলতাফ হোসেন চৌধুরী রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামের পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন।”

পৌরসভার চেয়ারম্যান মোস্তাক আহমেদ পিনু বলেন, “আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দপ্তরবিহীন করেছেন।”

উল্লেখ্য ২৮ ও ২৯ অক্টেবর পটুয়াখালীতে ১৪ দলের লঠি ও বৈঠা মিছিল থেকে বিএনপি অফিস ও নেতাকর্মীদের বাসায় হামলার ঘটনায় আলতাফ হোসেন চৌধুরী গ্রুপের পক্ষে তিনটি মামলা দায়ের করেন। এ সব মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের আসামী করা হয়। জেলা বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান নোবেল বাদি হয়ে ৮১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার ৪০ জনই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।