২০ থেকে ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী তফশিল
ভোটার তালিকা ছাপা হওয়ার আগেই এ মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে নির্বাচনী তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। কমিশন সচিব আব্দুর রশীদ সরকার মঙ্গলবার সাংবাদিকদের একথা জানান।
কমিশন সচিব বলেন, এবার ভোটারের সংখ্যা যেহেতু অনেক বেশি, তাই কমিশনকে প্রচুর ব্যালট পেপার ছাপাতে হবে। এ কারণে কমিশন নির্ধারিত সময়ের একটু আগে তফশিল ঘোষণা করতে চায়। তিনি আরও বলেন, ২৫ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ১০ দিন সময় হাতে রেখে এর ৪৫ দিন আগে নির্বাচন অনুষ্ঠান করতে হবে কমিশনকে। সে হিসেবে চলতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে যে কোনো সময় কমিশনকে তফশিল ঘোষণা করতে হবে।
এক প্রশ্নের জবাবে সচিব আব্দুর রশীদ সরকার বলেন, ‘‘আমরা আশা করছি ৩০ নভেম্বরের আগেই হালনাগাদ ভোটার তালিকা ছাপার কাজ শেষ হবে। তফশিল ঘোষণার দু-একদিন পরেও হালনাগাদ ভোটার তালিকা পেলে ক্ষতি নেই। ২০০০ সালের মূল ভোটার তালিকা তো রয়েছেই।”
ভোটার তালিকা মুদ্রণ সংক্রান্ত অনিয়মের বিষয়ে জানতে চাওয়া হলে সচিব বলেন, এটি তদন্ত করে দেখা হবে। কোনো অনিয়ম পেলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা।
২০০১ সালে ভোটারের সংখ্যা ছিলো প্রায় সাড়ে সাত কোটি। এবার মোট ভোটার ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন। নির্বাচনের বাজেট ১০০ কোটি টাকা। তবে শেষ পর্যন্ত এই ব্যয় আরো বাড়তে পারে। মধ্য জানুয়ারিতে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।
