অচলাবস্থা নিরসনে কঠোর হন: রাষ্ট্রপতিকে ব্যবসায়ীরা
চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা।
মঙ্গলবার দুপুর ১টায় শীর্ষ ১৩ ব্যবসায়ী নেতা রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে দেখা করে এই দাবি জানান।
এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বৈঠক প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমরা রাষ্ট্রপতিকে বলেছি, শিগগিরই কঠোর ব্যবস্থা গ্রহণ করে দেশের অর্থনীতিকে রক্ষা করুন।”
হোসেন বলেন, “তাকে বলেছি, দেশের প্রয়োজনে যা করা দরকার এখনই করুন। এতে কেউ খুশি হবে। কেউ অখুশি হবে। কিন্তু দেশের অর্থনীতিকে বাঁচাতে হবে।”
তিনি আরও বলেন, অবরোধের কারণে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। বন্দর বন্ধ থাকার কারণে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে। উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ অবস্থা আর চলতে দেওয়া যায় না।
“এক ঘণ্টার বৈঠকে রাষ্ট্রপতি রাজনৈতিক অচলাবস্থা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন,” এফবিসিসিআই সভাপতি জানান।
হোসেন বলেন, “রাষ্ট্রপতিকে বলেছি, আপনি চার উপদেষ্টা নিয়ে যে কমিটি গঠন করেছেন তাদের মাধ্যমে সম্ভব হলে কালকের মধ্যেই সমস্যার সমাধান করুন।”
তবে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে তারা রাষ্ট্রপতিকে কোনো ‘আলটিমেটাম’ দেন নাই বলে তিনি জানান।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, ডিসিসিআই সভাপতি এমএ মোমেন প্রমুখ।
