বিএনপির কর্মসূচি আরও একদিন বাড়লো
বিএনপির ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি আরও একদিন বাড়ানো হয়েছে। অর্থাৎ মঙ্গলবার ছাড়াও বুধবারও সারাদেশে ওই কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার দুপুরে গুলশানের বাসায় দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে ঢাকার সাবেক সাংসদ ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে এই কর্মসূচি চূড়ান্ত করা হয়।
বৈঠকের পর মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বুধবারও সমাবেশ পালন করবো।” ১৪ দলের ধ্বংসাত্মক কর্মসূচির বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই চার দল এই কর্মসূচি দিয়েছে। তিনি জানান, ঢাকায় আমাদের সব থানায় এই কর্মসূচি পালন করা হবে।
বৈঠকের সূত্র জানায়, রাজধানীতে এই কর্মসূচি যাতে সফলভাবে পালন করা হয়, সেজন্য স্থানীয় সাবেক সাংসদ ও ওয়ার্ড কমিশনারদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে বলা হয়, ১৪ দলের অবরোধ কর্মসূচির ফলে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ গার্মেন্টস শিল্প-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় জনজীবনে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে। পাশাপাশি সহিংস হামলায় মানুষ হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করে এ বিষয়ে কঠোর হাতে ব্যবস্থা গ্রহণের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানানো হয় বৈঠকে।
