রাজপথের আন্দোলনের সমালোচনা করলেন ইয়াসমীন মুর্শেদ
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) অপসারণসহ নির্বাচন কমিশন সংস্কার ও বিভিন্ন দাবিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের রাজপথের আন্দোলন ও বিক্ষোভকে ‘গণতান্ত্রিক’ মনে করেন না মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা ইয়াসমিন মুর্শেদ।
রাজপথের আন্দোলন ও অবরোধ কর্মসূচির কড়া সমালোচনা করে ইয়াসমীন মুর্শেদ বলেছেন, “দেশে বর্তমানে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার রয়েছে। আমরা দেশের মানুষকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। এ অবস্থায় রাজপথের আন্দোলন (স্ট্রিট এজিটেশন) কি কোনো গণতান্ত্রিক দেশের রাজনৈতিক দলের কোনো সুস্থ অংশ কী রাজপথের আন্দোলনকে গণতান্ত্রিক মনে করতে পারে?”
সচিবালয়ে নিজ কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এর আগে ইয়াসমিন মুর্শেদসহ চার উপদেষ্টা বঙ্গভবনে গিয়ে দেশের বিরাজমান সংকট সমাধানে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে শুরু হওয়া সংলাপের প্রথম দিনের সার-সংক্ষেপ প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে জানান।
পরে স্টেফান ফ্লোয়েনের নেতৃত্বে ইউরোপীয় কমিশনের একটি প্রতিনিধি দল উপদেষ্টা ইয়াসমিন মুর্শেদের সঙ্গে সাক্ষাত করেন।
ইয়াসমিন মুর্শেদ আরও বলেন, দেশের বর্তমানে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তাতে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ অফিস আদালতে যেতে পারছে না। রোগীরা চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারছে না। এ অবস্থা চলতে পারে না।
ইয়াসমীন বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে এ সংকট নিরসন আমাদের দায়িত্ব নয়। তবুও আমরা সংকট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি। এ লক্ষ্যে শুরু হওয়া সংলাপের প্রথমদিনের সার-সংক্ষেপ প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। আমরা একটি ‘কমন মিটিং গ্রাউন্ড’ তৈরি করার চেষ্টা করছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমরা উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর আমাদের নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। তাহলে এই নিরপেক্ষ সরকারের সময়ে কেন আন্দোলনের প্রয়োজন হবে? আমাদের লক্ষ্য হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান, যেটা আমাদের অধিকার। এ নির্বাচনে প্রায় ২০ লাখ মানুষ কাজ করবে। এদের সকলের নিরপেক্ষতা কি নিশ্চিত করা সম্ভব? তবে আমরা একটি নির্দেশনা দেবো, সে অনুযায়ী কাজ হবে।”
প্রসঙ্গত, স্কলাস্টিকা স্কুলের প্রতিষ্ঠাতা ইয়াসমিন মুর্শেদ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা।
